২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার হুমকির মুখে কলম্বিয়াকে সমর্থন করলেন বুশ

ক্রমবর্ধমান আন্দিজ সঙ্কটের প্রেক্ষাপটে মঙ্গলবার কলম্বিয়াকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। কলম্বিয়া ইকুয়েডরের মতো প্রতিবেশী অন্য কোনো দেশে সামরিক অভিযান চালালে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজের হুমকির পর কলম্বিয়াকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বোগোটা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমবর্ধমান আন্দিজ সঙ্কটের প্রেক্ষাপটে মঙ্গলবার কলম্বিয়াকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। কলম্বিয়া ইকুয়েডরের মতো প্রতিবেশী অন্য কোনো দেশে সামরিক অভিযান চালালে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজের হুমকির পর কলম্বিয়াকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র। শ্যাভেজ প্রশাসনের 'উস্কানিমূলক পদক্ষেপের' সমালোচনা করে বুশ বলেন, এলকাটিকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন যে কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, "প্রেসিডেন্ট (আলভেরো) উরিব এবং কলম্বিয়ার জনগণের কাছে আমাদের দেশের বার্তা হচ্ছে, আমরা আমাদের গণতান্ত্রিক মিত্রের সঙ্গে আছি।" শ্যাভেজ বলে আসছেন, কলম্বিয়াকে প্রক্সি হিসেবে ব্যবহার করে ভেনেজুয়েলায় হামলার ষড়যন্ত্র করছেন বুশ। শনিবার কলম্বিয়ার সেনারা ইকুয়েডরের ভেতরে অভিযান চালিয়ে কলম্বিয়ার গেরিলা সংগঠন ফার্ক এর এক শীর্ষ নেতাকে হত্যার পর আন্দিজ পর্বতমালা সংলগ্ন ইকুয়েডর, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সীমান্তে সেনা পাঠিয়েছে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। অন্যদিকে, ফার্ক গেরিলাদের সাহায্য করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে কলম্বিয়া। তবে ভেনেজুয়েলা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইকুয়েডরে সামরিক অভিযানের বিষয়টি আড়াল করার লক্ষ্যে কলম্বিয়া এ অভিযোগ উত্থাপন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২৩২ ঘ.