কলোম্বো, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেশের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গলবার তামিল টাইগারদের ঘাঁটি দখল এবং লড়াইয়ে ৭ গেরিলা হত্যার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। এনিয়ে দু'দিনের সংঘর্ষে গেরিলা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
মানার জেলায় তামিল গেরিলা ঘাঁটির এক স্কয়ার কিলোমিটার এলাকা দখল করাসহ এক মাইল দীর্ঘ রাস্তা এবং একটি গেরিলা চেকপয়েন্টও দখল করে নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
টাইগারদের উত্তরাঞ্চলীয় ঘাঁটি ধীরে ধীরে দখল করে নেওয়ার কৌশলের অংশ হিসাবে মঙ্গলবার ওই অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানে ৭ জন গেরিলা নিহতের কথা জানিয়েছে সেনাবাহিনী। এর একদিন আগে উত্তরাঞ্চলের লড়াইয়ে ১৬ জন গেরিলা নিহত হওয়ার কথা জানায় তারা।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, " আমরা আমাদের সুবিধাজনক অবস্থায় আসা মাত্র ওইসমস্ত অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালাব।"
তিনি বলেন, আমরা এই এলাকাগুলো দখল করে নেওয়ার সঙ্গে সঙ্গেই টাইগাররা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পিছু হটে গেছে। তার মানে এই গ্রামগুলো এবং রাস্তাঘাট এখন নিরাপদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ঘ.
bdnews24