ওয়াশিংটন, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌঁড়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসে কিছুটা হলেও এগিয়ে গেছেন হিলারি ক্লিনটন। একইসঙ্গে অনুষ্ঠেয় ওহাইয়োর প্রাইমারিতেও তিনি প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে ছাড়িয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যদুটিতে বুধবার ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনের ঠিক আগে রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিকল পরিচালিত জনমত জরিপে একথা বলা হয়েছে।
নির্বাচনের আগে বুধবারের সর্বশেষ জরিপে দেখা গেছে, টেক্সাসে ওবামার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেছেন হিলারি। সেখানকার দলীয় ভোটারদের ৪৭ শতাংশ হিলারির পক্ষে এবং ৪৪ শতাংশ ওবামার পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন। অবশ্য সোমবারে এ চিত্র ছিল ঠিক বিপরীত। সেদিন হিলারির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ছিলেন ওবামা।
অন্যদিকে, ওহাইয়োর প্রাইমারিতে উভয়ের পক্ষেই সমর্থন জানিয়েছেন ৪৪ শতাংশ ভোটার। এখানেও সোমবারের তুলানায় ২ পয়েন্ট এগিয়ে গিয়েছেন হিলারি। জগবি ইন্টারন্যাশনাল পরিচালিত জরিপে একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ বছরের ৪ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে এখন রাজ্যগুলোতে প্রাইমারি ও ককাসের মাধ্যমে প্রার্থী নির্বাচন চলছে। রিপাবলিকান দলে জন ম্যাককেইনের প্রার্থিতার বিষয়টি প্রায় নিশ্চিত। অন্যদিকে, ডেমোক্র্যাট দলে ওবামা এগিয়ে থাকলেও হিলারির চেয়ে তার ব্যবধান খুব বেশি না হওয়ায় মনোনয়নের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ইলিনয়ের সিনেটর ওবামার কাছে টানা ১১টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে হেরে যাওয়ায় প্রার্থিতা নিশ্চিত করতে হলে সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারিকে ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে অবশ্যই ভালভাবে জয়ী হতে হবে।
জরিপে আরও দেখা গেছে, ওহাইয়ো ও টেক্সাসে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকবিকে বিপুল ব্যবধানে পরাজিত করতে চলেছেন অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন।
ধারণা করা হচ্ছে, এ দুটি রাজ্যে নির্বাচনের মধ্য দিয়েই মনোনয়নের জন্য প্রয়োজনীয় ১,১৯১ জন প্রতিনিধির সমর্থন পাওয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারেন ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24