২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইকুয়েডর-ভেনেজুয়েলা

ইকুয়েডরের অভ্যন্তরে কলম্বীয় সেনাবাহিনীর এক অভিযানকে কেন্দ্র করে সোমবার কলম্বিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দুই প্রতিবেশী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলা। এর আগে রোববার ভেনেজুয়েলা এবং ইকুয়েডর কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করে। এমন প্রেক্ষাপটে ল্যাটিন আমেরিকার তিন দেশের মধ্যকার উত্তেজনাকর এ সম্পর্কের কারণে হুমকির মুখে পড়েছে অঞ্চলটির স্থিতিশীলতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:44 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কারাকাস/কিটো, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইকুয়েডরের অভ্যন্তরে কলম্বীয় সেনাবাহিনীর এক অভিযানকে কেন্দ্র করে সোমবার কলম্বিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দুই প্রতিবেশী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলা। এর আগে রোববার ভেনেজুয়েলা এবং ইকুয়েডর কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করে। এমন প্রেক্ষাপটে ল্যাটিন আমেরিকার তিন দেশের মধ্যকার উত্তেজনাকর এ সম্পর্কের কারণে হুমকির মুখে পড়েছে অঞ্চলটির স্থিতিশীলতা। শনিবারের ওই অভিযানে ইকুয়েডরের সীমানার ভেতরে কলম্বিয়ার সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে কলম্বিয়ার বিদ্রোহী গ্র"প রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (এফএআরসি বা ফার্ক) এর একজন শীর্ষ নেতা নিহত হন। চলমান এ উত্তেজনাকর পরিস্থিতির টেকসই সমাধানের লক্ষ্যে মঙ্গলবার ওয়াশিংটনে জরুরি বৈঠকে বসছে 'অর্গানাইজেশন অব দ্য আমেরিকান স্টেটস' এর প্রতিনিধিরা। এছাড়া, কলম্বিয়ার ওই অভিযানের বিরুদ্ধে সমর্থন আদায়ের লক্ষ্যে ভেনেজুয়েলাসহ পাঁচটি দেশে সফরে বের হচ্ছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। সোমবার কোরেয়া মেক্সিকান টেলিভিশনকে বলেন, "এটা দ্বিপাক্ষিক সমস্যা নয়, আঞ্চলিক সমস্যা। এটাকে সামনে এগিয়ে যেতে দেওয়া হলে আরেকটি মধ্যপ্রাচ্যে পরিণত হবে ল্যাটিন আমেরিকা।" ইকুয়েডরের ভেতরে অভিযান চালিয়ে কলম্বিয়ার ফার্ক গেরিলা কমান্ডারকে হত্যার জন্য ল্যাটিন আমেরিকার অধিকাংশ নেতাই কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভেরো ইউরিবের নিন্দা জানিয়েছেন। সাবেক গেরিলা নেতা এবং ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বামপন্থি মিত্র নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ল্যাটিন আমেরিকার জন্য ইউরিবকে হুমকি হিসেবে অভিহিত করেছেন। এলাকাটির অন্যতম প্রধান শক্তি ব্রাজিল কোরেয়ার কাছে ইউরিবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্বের প্রধান শক্তিগুলোও চলমান এ উত্তেজনা নিরসনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এফএআরসি'র ওই গেরিলা নেতা হত্যাকে যুক্তরাষ্ট্রের সমর্থিত কলম্বিয়ার প্রেসিডেন্টের এক "কাপুরুষোচিত হত্যাযজ্ঞ" হিসেবে অভিহিত করেছেন। সোমবারই ভেনেজুয়েলা ও ইকুয়েডর তাদের দেশ থেকে কলম্বিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে। এদিকে, চলমান এ উত্তেজনাকরা পরিস্থিতি সোমবার আরও উস্কে দিয়েছে কলম্বিয়া। এদিন তারা অভিযোগ করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ সরকার মার্কসবাদী ওই গেরিলা দলটিকে অর্থ যোগান দিচ্ছে। তবে ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এজে/ এসএইচ/১৩৫৭ ঘ.