কাঠমান্ডু, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে জাতিসংঘকর্মীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সোমবার কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুর কাছে পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পুলিশ এবং বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি জাতিসংঘ কর্মকর্তারা। তবে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই ১০ টি লাশ উদ্ধার করেছেন তারা।
জাতিসংঘের কর্মীরা ওই হেলিকপ্টারটিতে করে সাবেক মাওবাদী গেরিলাদের একটি শিবির পরিদর্শন শেষে কাঠমান্ডুতে ফিরছিলেন। মাওবাদীদের ওই শিবিরটি কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুলিতে অবস্থিত।
২০০৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তির পর জাতিসংঘের তত্ত্বাবধানে নেপালি গুর্খা সেনা ও জাতিসংঘ বাহিনীর একটি যৌথ কমান্ডের অধীনে বেশি কয়েকটি শিবিরে তাদের অস্ত্রশস্ত্র জমা রাখে এবং গেরিলাদের নাম তালিকাভুক্ত করে মাওবাদীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২১১১ ঘ.
bdnews24