কান্দাহার, আফগানিস্তান, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাতে নেটওয়ার্ক বন্ধ করে না রাখলে টাওয়ার ধ্বংস করে দেয়া হবে বলে তালেবানদের হুমকির এক সপ্তাহ পর রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দুটি মোবাইল ফোন টাওয়ার ধ্বংস করেছে বন্দুকধারীরা।
এর আগে গত সপ্তাহে তালেবানরা মোবাইল ফোন অপারেটরদের বিকাল ৫টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দেয়। কারণ, ওই সময় যৌথ বাহিনী তালেবান বিদ্রোহিদের খোঁজ বের করতে মোবাইল ফোন ব্যবহার করে থাকে।
তালেবানদের বৃহস্পতিবার পর্যন্ত দেয়া সময়সীমা শেষ হওয়ার এক ঘন্টা পর কান্দাহারে আরীবা মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে প্রথম হামলা হয়। দ্বিতীয় হামলাটি শনিবার রাতে কান্দাহার শহরের বাইরে রোশান মোবাইল কোম্পানির এন্টেনাতে চালানো হয়েছে।
ওই এলাকার এক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসিফ বলেন," গত রাতে অজ্ঞাত বন্দুকধারীরা রোশান এন্টেনাতে গুলি করা শুরু করে এবং তা ধ্বংস করে দেয়।"
তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এই হামলা এবং তালেবানদের হুমকি সম্পর্কে কোন মন্তব্য করেনি। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর মোবাইল ফোন এবং স্যাটেলাইটের সাহায্যেই তালেবানরা একে অন্যে সঙ্গে যোগাযোগ করে আসছে।
উল্লেখ্য, তিন দশকের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মোবাইল ফোনই যোগাযোগের একমাত্র মাধ্যম এবং দেশের চারটি মোবাইল কোম্পানির মধ্যে তিনটিই বিদেশি কোম্পানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৩ঘ.
bdnews24