২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিন: মুসলমানদের প্রতি খামেনি

ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গাজায় হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার প্রচারিত এক ভাষণে একইসঙ্গে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্রনেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

তেহরান, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গাজায় হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার প্রচারিত এক ভাষণে একইসঙ্গে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্রনেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। সারা বিশ্বের মুসলিম জনগণ এবং রাষ্ট্রনেতাদের প্রতি এ আহ্বানের পাশাপাশি গাজায় ইসরায়েলের 'সামরিক অপরাধের' মদতদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের 'নিপীড়ক সরকারকে' অভিযুক্ত করেন তিনি। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের শীর্ষ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরী ইরানের এ সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, "মুসলিম উম্মাহকে অবশ্যই জেগে উঠতে হবে এবং মুসলিম দেশগুলোর নেতাদের অবশ্যই তাদের জনগণের ক্ষোভ ধারণ করে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিতে হবে।" আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, "(যুক্তরাষ্ট্রের) নিপীড়ক সরকারের কারণেই ইহুদিবাদীরা (ইসরায়েল) নির্দ্বিধায় এসব ক্ষমার অযোগ্য অপরাধ চালিয়ে যাচ্ছে।" খামেনি যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন যে, "মার্কিন জাতি কি জানে যে তাদের নেতারা মানুষের মর্যাদাকে এইরকম বর্বরোচিতভাবে ইহুদিবাদীদের পায়ের তলায় ভুলুণ্ঠিত করছে।" তিনি আরও বলেন যে, "এ লড়াইয়ের চূড়ান্ত ফলাফল হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়।" গত বুধবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানির পর ইরানি নেতা এ ভাষণ দিলেন। নারী ও শিশুসহ নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক। ইরান ঐতিহাসিকভাবেই ইসরায়েল বিরোধী। ইসারয়েলের বিরুদ্ধে লেবানন ও ফিলিস্তিনের চরমপন্থী সংগঠনগুলোকে অস্ত্রশস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫২ ঘ.