২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে ইরাক ছাড়তে বললেন আহমাদিনেজাদ

ইরাক সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিৎ ইরাকসহ ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়া। বিদেশি শক্তির উপস্থিতি এখানে ধ্বংস ও বিভক্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি বলে উল্লেখ করে সোমবার তিনি বলেন, ইরাক ঐতিহাসিকভাবেই বিদেশি ও দখলদারদের বিরোধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 09:16 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

বাগদাদ, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিৎ ইরাকসহ ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়া। বিদেশি শক্তির উপস্থিতি এখানে ধ্বংস ও বিভক্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি বলে উল্লেখ করে সোমবার তিনি বলেন, ইরাক ঐতিহাসিকভাবেই বিদেশি ও দখলদারদের বিরোধী। দু'দিনের ইরাক সফরের শেষ দিনে রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে 'স্বাধীন ও অখণ্ড ইরাক' ওই অঞ্চলের জন্য একটি আশীর্বাদ বলেও মন্তব্য করেন আহমাদিনেজাদ। আশির দশকে ইরাক-ইরান যুদ্ধের পর এটাই কোনো ইরানি প্রেসিডেন্টের ইরাক সফর। এ সফরকে দুদেশের সম্পর্কে নবযুগের সূচনা বলেও মন্তব্য করেছেন আহমাদিনেজাদ। তার এ সফরের সময় কাস্টমস, পরিবহন যোগাযোগ, শিল্পায়নে সহযোগিতাসহ মোট সাতটি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইরাক-ইরান। আহমাদিনেজাদ বলেন, "পুরো ইতিহাস জুড়েই বিদেশি ও দখলদারদের বিরুদ্ধে ছিল ইরাক।" তিনি বলেন, "আমরা বিশ্বাস করি হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে যেসব শক্তি এখানে এসেছে তাদের উচিৎ এ অঞ্চল ছেড়ে চলে যাওয়া এবং এখানকার জনগণ ও সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা।" ইরানের প্রেসিডেন্ট বলেন, "বিদেশি শক্তিগুলোর রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিৎ নয় এবং দেশগুলোকে নিজেদের মত কাজ করতে দেওয়া উচিৎ। কেননা এই রাষ্ট্র ও সরকারগুলো নিজেরাই তাদের পরিচালিত করতে সক্ষম।" তিনি বলেন, "আরও ধ্বংস ও বিভক্তি ছাড়া বিদেশি শক্তিগুলোর উপস্থিতি এখানে কিছুই বয়ে আনেনি।" যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি জোট শক্তিকে অবিলম্বে ওই অঞ্চল ছাড়ার আহ্বান জানিয়ে আহমাদিনেজাদ আরও বলেন, "একটি অখন্ড ও স্বাধীন ইরাক এ অঞ্চলের জন্য আশীর্বাদ।" ২০০৩ সালে সামরিক আগ্রাসনের মাধ্যমে প্রেসিডেন্ট সাদ্দাম হোসোনকে হটিয়ে ইরাক দখল করে নেয় যুক্তরাষ্ট্র। পরে নির্বাচনের মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাক সরকার প্রতিষ্ঠা করা হলেও দেশটির প্রায় ১,৫০,০০০ দখলদার সেনা এখনও ইরাকে মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯০০ ঘ.