গাজা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সংঘর্ষ বন্ধ করে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় ফেরার যুক্তরাষ্ট্রের আহ্বানে সোমবার ইসরায়েলি বাহিনী পিছু হটায় গাজার লড়াইয়ে জয় দাবি করেছে হামাস। তবে একইদিনে গাজায় ইসরায়েল আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়। এর আগে বুধবার থেকে উভয়পক্ষে চলমান সংঘর্ষে গাজায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার গাজায় জয় ঘোষণা করে ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। ওদিকে, ইসরায়েল সরকার বলেছে, গাজায় তাদের হামলার উদ্দেশ্য অর্জিত হয়েছে।
হামাসের সশস্ত্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, "হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করেই যাবে। শত্র"রা পরাজিত হয়েছে।"
হামাসের উর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেন," গাজা সব সময়ই দখলদ্বার বাহিনীর জন্য কবরস্থান হবে।"
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের ইসরায়েল সফরের কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংঘর্ষ বন্ধে চাপ দেওয়ার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষের প্রতিবাদে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি আলোচনা স্থগিত করেছেন।
হামাস এবং চিকিৎসাকর্মীরা জানিয়েছে, ইসরায়েল রাতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা রকেট তৈরির কারখানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। স্থলবাহিনী পিছু হটার পর ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, "আমাদের বেসামরিক লোকদের ওপর যারা রকেট হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরক্ষা কর্মসূচি চালিয়ে যাব।"
হামাসের রকেট হামলায় এক বেসামরিক ইসরায়েলি নিহত হলে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ফিলিস্তিনি ইসলামিক আন্দোলনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী চারটি কারখানা এবং হামাসের একটি কার্যালয় বিধ্বস্ত করেছে। ইসরায়েলি সেনাবহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, "অস্ত্র তৈরীর স্থাপনার ওপর বেশ কয়েকটি বিমান হামলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০০ঘ.
bdnews24