দিলি, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওপর গত মাসের হামলায় অংশ নেওয়া এক শীর্ষ বিদ্রোহী নেতা রোববার আত্মসমর্পণ করেছেন।
দেশটির সেনাবাহিনী ও পুলিশের যৌথ কমান্ডের কাছে তিনি আত্মসমর্পণ করেন। ওদিকে বাকী বিদ্রোহীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া এবং অস্ত্রবিরতি নিয়ে বিদ্রোহী গ্র"পটির সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ওই কমান্ডের প্রধান।
আত্মসমর্পণকারী বিদ্রোহীর নাম আমারো দা কস্তা। তিনি আলফ্রেডো রেইনাদোর নেতৃত্বাধীন দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গ্র"পের অন্যতম শীর্ষ নেতা। ১১ ফেব্র"য়ারিতে তারিখে প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার ওপর হামলার সময় মুখোমুখি সংঘর্ষে রেইনাদো নিহত হন।
রেইনাদোর মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত গাস্তাও সালসিনহাসহ ১৭ শীর্ষ বিদ্রোহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রধানমন্ত্রী জানানা গুসমাও সরকার। তখন থেকেই সেনা ও পুলিশের একটি যৌথ কমান্ড বিদ্রোহিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
যৌথ কমান্ডের প্রধান ফিলোমেনো পাইক্সাও রাজধানী দিলিতে এক সংবাদ সম্মেলনে জানান, রোববার দিলির ১২০ কিলোমিটার দক্ষিণে তুরিসকাই এলাকায় আত্মসমর্পণ করেন আমারো।
আত্মসমর্পণকারী বিদ্রোহী আমারোকে ওই সংবাদ সম্মেলনে হাজির করা হলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট হোর্তার ওপর হামলায় অংশ নিয়েছিলেন তিনি।
আমারো আরও বলেন, "জাতির উন্নতি এবং জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে জন্যই আত্মসমপর্ণ করেছি আমি।"
পরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যৌথ কমান্ডের প্রধান পাইক্সাও বলেছেন, "সালসিনহা'র (বিদ্রোহী গ্র"পটির বর্তমান প্রধান) সঙ্গে যোগাযোগ হয়েছে আমার। তার যোদ্ধারা যাতে আত্মসমর্পণ করতে পারে সেজন্য অভিযান মূলতবির প্রস্তাব দিয়েছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯৪০ ঘ.
bdnews24