ওয়াশিংটন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় মনোনয়নের দৌড়ে গুরুত্বপূর্ণ রাজ্য টেক্সাসে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার চেয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন হিলারি ক্লিনটন। তবে ওহাইয়োতে এ দুই ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
টেক্সাস ও ওহাইয়ো রাজ্য দুটিতে আগামী ৪ মার্চ ডেমোক্র্যাট দলের প্রাইমারির আগে রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিকল পরিচালিত জরিপে রোববার একথা বলা হয়েছে।
এ বছরের ৪ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে এখন রাজ্যগুলোতে প্রাইমারি ও ককাসের মাধ্যমে প্রার্থী নির্বাচন চলছে। রিপাবলিকান দলে জন ম্যাককেইনের প্রার্থিতার বিষয়টি প্রায় নিশ্চিত। অন্যদিকে ডেমোক্র্যাট দলে ওবামা এখনও এগিয়ে থাকলেও হিলারির চেয়ে তার ব্যবধান খুব বেশি না হওয়ায় মনোনয়নের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ইলিনয়ের সিনেটর ওবামার কাছে টানা ১১টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে হেরে যাওয়ায় প্রার্থিতা নিশ্চিত করতে হলে সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারিকে ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে অবশ্যই ভালভাবে জয়ী হতে হবে।
কিন্তু ওই জরিপ অনুযায়ী টেক্সাসে এখনও ওবামার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছেন হিলারি। ভোটারদের ৪৭ ভাগ ওবামার পক্ষে এবং ৪৩ ভাগ হিলারির পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন। অবশ্য শনিবারের তুলনায় হিলারির পক্ষে সমর্থন বেড়েছে প্রায় ২ ভাগ।
টেক্সাসের বড় শহরগুলোতে পুরুষ, তরুণ ভোটার এবং সাধারণভাবে কালোদের মধ্যে ওবামার জনপ্রিয়তা বেশি। তবে হিস্পানিক এবং বয়স্ক ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, হিস্পানিক অধ্যুষিত দক্ষিণ টেক্সাস এবং রক্ষণশীলদের ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম টেক্সাসে হিলারির অবস্থান বেশ শক্ত। কিন্তু ওবামা সেখানেও নারী ভোটারসহ অনেক ভোটারদের সমর্থন পেয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ওদিকে, ওহাইয়োতে পরিসংখ্যানগতভাবে ওবামার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছেন হিলারি। হিলারির সমর্থন ৪৭ ভাগ এবং ওবামার ৪৬ ভাগ। শনিবার জগবি ইন্টারন্যাশনালের জরিপে একথা বলা হয়েছে।
রিপাবরিকান শিবিরের অগ্রগামী প্রার্থী জন ম্যাককেইন টেক্সাস ও ওহাইয়ো দুই রাজ্যেই অনেক বেশী ব্যবধানে জয় পাবেন বলে মনে করা হচ্ছে। অপর রিপাবলিকান প্রার্থী আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি এখনও প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও এ দুই রাজ্যের ফলাফলের মাধ্যমেই ম্যাককেইনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০৮ ঘ.
bdnews24