২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার ঐতিহাসিক সফরে ইরাক পৌঁছেছেন। প্রতিবেশী দেশ দুটির মধ্যে ১৯৮০'র দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরাকে কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। ওই যুদ্ধে ১০ লাখ লোকের প্রাণহানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

বাগদাদ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার ঐতিহাসিক সফরে ইরাক পৌঁছেছেন। প্রতিবেশী দেশ দুটির মধ্যে ১৯৮০'র দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরাকে কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। ওই যুদ্ধে ১০ লাখ লোকের প্রাণহানি হয়। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, আহমাদিনেজাদ ইরান থেকে বিমানযোগে রাজধানী বাগদাদে পৌঁছেছেন। সফরের প্রথম দিনে আহমাদিনেজাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে জানা গেছে, তিনি সম্ভবত মার্কিন বাহিনীর সুরক্ষিত বাগদাদের গ্রিন জোনে যাচ্ছেন না। ইরাকের বিভিন্ন মন্ত্রণালয়সহ মার্কিন দূতাবাস গ্রিন জোনে অবস্থিত। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিন জোনের পরিবর্তে তিনি বাগদাদের মধ্যাঞ্চলীয় কারাদা জেলায় অবস্থিত ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির বাসভবনে তার সঙ্গে আলোচনা করবেন এবং সেখানেই রাত যাপন করবেন। তালাবানির বাসায়ই ইরাকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে আহমাদিনেজাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, আহমাদিনেজাদের এ সফরের মধ্য দিয়ে শিয়া অধ্যুষিত ইরান ও শিয়া নেতৃত্বাধীন ইরাক সরকারের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। ইরাকে দেড় লাখের বেশি সেনা মোতায়েনকারী যুক্তরাষ্ট্র আহমাদিনেজাদের এ সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আক্রমণাত্মক ভাষণের জন্য পরিচিত ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলে আসছেন, ইরাকের সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র দায়ি। একইসঙ্গে তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়ে আসছেন। বাগদাদ সফরের প্রাক্কালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ বলেন, তার সফর ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতিতে সাহায্য করবে। তিনি বলেন, "এ সফর নিশ্চিতভাবেই ইরাকি জাতি ও সরকারকে শক্তিশালী হতে এবং এলাকাটির শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে।" তিনি আরও বলেন, "দখলদার সেনা প্রত্যাহার হলে সবাই উপকৃত হবে।" ওয়াশিংটন অভিযোগ করে আসছে, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলা করতে শিয়া জঙ্গিদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে তেহরান। অবশ্য, তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এছাড়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও ওয়াশিংটন-তেহরানের মধ্যে বিতর্ক রয়েছে। ইরানের সহকারি পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা শেখ-আত্তার জানিয়েছেন, সফরকালে আহমাদিনেজাদ ৫ থেকে ১০টি চুক্তি স্বাক্ষর করতে পারেন। ওদিকে, বাগদাদে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আহমাদিনেজাদের সফরের সময় তাদের কোনো ভূমিকা থাকবে না এবং মার্কিন সেনাবাহিনীও তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২৮ ঘ.