জাতিসংঘ, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল গাজায় মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করছে বলে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর তীব্র নিন্দার পর রোবাবার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি বিদ্রোহিদের প্রতি সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
গাজায় শনিবার ইসরায়েলি হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত হয়। ২০০০ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ বাড়ার পর থেকে এ পর্যন্ত এটাই একদিনে সর্বাধিক ফিলিস্তিনী নিহতের ঘটনা। এই সংঘর্ষে দুই ইসরায়েলি সেনাও নিহত হয়েছে।
নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভিতালি চুরকিন নিরাপত্তা পরিষদে এক বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়েছে," নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেসামরিক লোক হতাহতের ঘটনায় উদ্বিগ্ন। তারা এ সহিংসতার নিন্দা জানাচ্ছে।"
বিবৃতিতে আরও বলা হয়েছে," এ ঘটনায় সব পক্ষের জন্য যত শীঘ্র সম্ভব সব ধরনের সংঘর্ষ বন্ধের প্রয়োজনীতা ক্ষুন্ন হচ্ছে।"
ইসরায়েল-গাজা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আহুত ৫ ঘণ্টার জরুরী বৈঠকে এই বিবৃতি তৈরি করা হয়।
তবে এই বিবৃতিতে শনিবার নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্যের চেয়ে অনেক নরম ভাষা ব্যবহার করা হয়েছে। বান তার বক্তব্যে দৃঢ় ভাষায় গাজায় ইসরায়েলি হামলা এবং ইসরায়েলে রকেট হামলার নিন্দা জানান।
নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে বান বলেন," আমি জানি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবুও ইসরায়েলকে নিন্দা জানাচ্ছি মাত্রাতিরিক্ত হামলা চালানোর জন্য। কারণ এতে গাজায় শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হচ্ছে।"
বান আরও বলেন, "আমি ইসরায়েলের প্রতি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাই।" সেইসঙ্গে তিনি আরও জানান, শনিবার ইসরায়েলে ফিলিস্তিন থেকে ২৬ টি রকেট নিক্ষিপ্ত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, "আমি ফিলিস্তিনিদেরও রকেট হামলার জন্য নিন্দা জানাচ্ছি এবং তাদের প্রতি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি।"
নিরাপত্তা পরিষদের বিবৃতি বানের বক্তব্যেরই প্রতিধ্বনি হোক তেমনটিই চেয়েছিলেন কিছু প্রতিনিধি। তবে কূটনৈতিকরা বলছেন, বান ফিলিস্তিনি রকেট হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেয়ায় লিবিয়া এর প্রতিবাদ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৮ঘ.
bdnews24