লাহোর, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে শনিবার একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এর ফলে তিনি উপ-নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। তার আইনজীবী একথা জানিয়েছেন।
পাকিস্তানে গত ১৮ ফেব্র"য়ারির সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দ্বিতীয় হলেও আইনি বাধার কারণে নওয়াজ ও তার ভাই শাহবাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
১৯৯৮ সালে শাহবাজ পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী থাকাকালীন পাঁচ জঙ্গিকে বিচারবর্হিভূতভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মামলাটি হয়। লাহোরের একটি আদালত শনিবার তাকে মামলা থেকে খালাস দেয়।
শাহবাজের আইনজীবী ইমতিয়াজ কাফি রয়টার্সকে বলেন, ওই হত্যাকাণ্ডে নিহত একজনের বাবা শাহবাজের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছে।
১৮ ফেব্র"য়ারির নির্বাচনে প্রথম হওয়া প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে জোট গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে নওয়াজের দল মুসলিম লীগ-এন। জোটবদ্ধ হয়ে পিএমএল-এন সরকারে গেলে এবং উপনির্বাচনের মাধমে বিজয়ী হতে পারলে নওয়াজ ও শাহবাজ দুজনেই সরকারের শীর্ষ পর্যায়ের পদ পাবেন।
শাহবাজ আশা করছেন, তিনি দেশের সবচেয়ে সমৃদ্ধশালী পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী হতে পারবেন। গত নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাবে বিজয়ী হয়েছে।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জেনারেল মুশাররফ নওয়াজ ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠান। সাত বছর নির্বাসন শেষে গত নভেম্বরে নওয়াজ ও শাহবাজ দুজনেই দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৮০১ ঘ.
bdnews24