২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহাইয়ো ও টেক্সাসের জরিপে ওবামা-হিলারি সমানে সমান

যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই প্রতিযোগিতায় ডেমোক্র্যাট দলের বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের লড়াই আবার জমে উঠেছে। ৪ মার্চ ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার প্রকাশিত 'রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিক্যাল' জরিপে এমন চিত্র ফুটে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 10:28 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সান অ্যান্টোনিও, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই প্রতিযোগিতায় ডেমোক্র্যাট দলের বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের লড়াই আবার জমে উঠেছে। ৪ মার্চ ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার প্রকাশিত 'রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিক্যাল' জরিপে এমন চিত্র ফুটে উঠেছে। ইলিনয়ের সিনেটর ওবামার কাছে টানা ১১টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে হেরে যাওয়ায় ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে হোয়াইট হাউসের প্রার্থিতা নিশ্চিত করার লড়াইয়ে পিছিয়ে পড়েছেন সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার অনুষ্ঠেয় ওহাইয়ো ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে বিজয়ী হওয়ার লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছেন হিলারি এবং এতে সফলতাও এসেছে। শনিবার 'রয়টার্স/সি-স্প্যান/হিউস্টন ক্রনিক্যাল' প্রকাশিত জরিপে দেখা গেছে, টেক্সাসে ওবামাকে ৪৫ শতাংশ ডেমোক্র্যাট এবং হিলারিকে ৪৩ শতাংশ ডেমোক্র্যাট সমর্থন করছেন। যেখানে শুক্রবার প্রকাশিত জরিপে হিলারির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন ওবামা। অন্যদিকে, ওহাইয়োর জরিপে ওবামা ও হিলারি উভয়ের প্রতিই ৪৫ শতাংশ ডেমোক্র্যাট সমর্থন ব্যক্ত করেছেন। এর আগে গত শুক্রবার 'জগবি ইন্টারন্যাশনাল' পরিচালিত জরিপে এ অঙ্গরাজ্যে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। ওদিকে রিপাবলিকান শিবিরের প্রার্থী বাছাই প্রতিযোগিতায় এ দুই অঙ্গরাজ্যের প্রাইমারিতেও বিপুল ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে দলের অগ্রগামী প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনের। ধারণা করা হচ্ছে, এ দুই অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনের মধ্য দিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১,১৯১ জন প্রতিনিধির সমর্থন পেয়ে যাবেন ম্যাককেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬২১ ঘ.