২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় 'গোয়েন্দা' কাশ্মীর সিং-কে মুক্তি দিলেন মুশাররফ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৫ বছর ধরে পাকিস্তানের কারাগারে আটক এবং সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ভারতীয় নাগরিক কাশ্মির সিং-কে মুক্তি দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী আনসার বার্নি শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৫ বছর ধরে পাকিস্তানের কারাগারে আটক এবং সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ভারতীয় নাগরিক কাশ্মির সিং-কে মুক্তি দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী আনসার বার্নি শুক্রবার একথা জানিয়েছেন। ১৯৭৩ সালে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অপর এক ভারতীয়র সঙ্গে গ্রেপ্তার হন কাশ্মির সিং। তার ও তার সঙ্গীর বিরুদ্ধে পাকিস্তান থেকে ভারতে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। ১০ বছর কারাবাসের পর তার সঙ্গীকে ছেড়ে দেওয়া হলেও গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি সামরিক আদালতে সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুই ছেলে ও এক মেয়ের জনক কাশ্মির সিং ভারতে পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। তার পরিবার এখনও সেখানেই বসাবাস করছে। আগামী সোমবার তাকে মুক্তি দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকারমন্ত্রী। এ লক্ষ্যে ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিবিদদের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও তিনি জানান। মানবাধিকারমন্ত্রী আনসার বার্নি বলেন, "গত ৩৫ বছর ধরে একরকম নরকবাস করেছেন কাশ্মির সিং। তার বিরুদ্ধে থাকা অভিযোগের তুলনায় যথেষ্টই বেশি সাজা ভোগ করেছেন তিনি।" বার্নি বলেন, "মানবাধিকার রক্ষার স্বার্থে তাকে মুক্তি দিয়ে জীবনের বাকী দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ দেওয়ার জন্য তার ক্ষমাপ্রর্থনার আবেদনে স্বাক্ষর করতে প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি আমি।" পাকিস্তানের একটি বেসরকারি মানবাধিকার কমিশনের গত বছরের হিসাব মতে সেখানে প্রায় ৭,৩০০ পুরুষ এবং ৪৪ জন নারী মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে বিভিন্ন কারাগারে আটক আছেন। অবশ্য দীর্ঘ আপিল প্রক্রিয়ার কারণে বেশিরভাগ মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয় না। একটি হত্যা মামলার আসামী হিসেবে ১৮ বছর কারাভোগের পর ২০০৬ সালে এক ব্রিটিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেন মুশাররফ। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর তিনবার পরষ্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে ভারত-পাকিস্তান। ২০০২ সালে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশদুটি। ২০০৪ সালে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর পর অবস্থার অনেকটা উন্নতি হলেও জঙ্গিবাদ চোরাচালানসহ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই দেশ নিয়মিতই পরষ্পরের নাগরিকদের আটক করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.