২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে তুরস্ক

উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে অভিযান শেষ করে সেনারা তুরস্কে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই কিছু তুর্কি সেনা ঘাঁটিতে ফিরেছে। তবে সেনা প্রত্যাহার এখনও পুরোপুরি শুরু হয়নি বলে শুক্রবার জানিয়েছেন তুরস্ক সেনাবাহিনীর এক মুখপাত্র। যদিও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরাক থেকে তুরস্কের সব সেনা প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

বাগদাদ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে অভিযান শেষ করে সেনারা তুরস্কে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই কিছু তুর্কি সেনা ঘাঁটিতে ফিরেছে। তবে সেনা প্রত্যাহার এখনও পুরোপুরি শুরু হয়নি বলে শুক্রবার জানিয়েছেন তুরস্ক সেনাবাহিনীর এক মুখপাত্র। যদিও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরাক থেকে তুরস্কের সব সেনা প্রত্যাহার করা হয়েছে। পিকেকে গেরিলা নির্মূল করতে হাজার হাজার তুর্কি সেনা গত বৃহস্পতিবার থেকে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে অভিযান শুরু করে। তুরস্ক জানিয়েছে, ইরাক সরকার গেরিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তারা অভিযান চালাতে বাধ্য হয়েছে। তুর্কি সেনাবাহিনীর ঊর্ধ্বতন একটি সূত্র শুক্রবার রয়টার্সকে বলেন, "ইরাকের ভেতরে এখনও তুর্কি সেনা আছে এবং সেনা প্রত্যাহার এখনও পুরোপুরি শুরু হয়নি।" বাগদাদে মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, "তুর্কি সেনাবাহিনীর যে সদস্যরা উত্তর ইরাকে প্রবেশ করেছিল তাদের ছোট একটি অংশ ফিরে যাচেছ কাজেই এই মূহুর্তে বলা যাবে না এটা সেনা প্রত্যাহার।" তবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি রয়টার্সকে বলেন, "ইরাক থেকে তুরস্কের সব সেনা প্রত্যাহার করা হয়েছে। সেনারা ইরাক ছেড়ে তুরস্কে নিজেদের ঘাঁটিতে চলে গেছে।" তিনি আরও বলেন, "আমরা মনে করি তুরস্ক সঠিক কাজটাই করেছে। এজন্য আমরা তাদের স্বাগত জানাই।" সীমান্তরক্ষীদের বরাত দিয়ে ইরাকের কুর্দি পেশমার্গা নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানান, গত রাতে তুর্কি সেনারা কোনো হামলা চালায়নি এবং তারা নিজেদের দেশে ফিরে যাচেছ। এর আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানায়, উত্তর ইরাকে তুর্কি বাহিনীর অভিযান শেষ হয়েছে। তুরস্কের রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তারা জানিয়েছিলেন, পিকেকে গেরিলাদের নির্মূল না করা পর্যন্ত উত্তর ইরাকে সেনা অভিযান চলবে। তবে দ্রুত অভিযান শেষ করার জন্য ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র তাদের ওপর চাপ দিয়ে আসছিল। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অভিযান দ্রুত শেষ করার জন্য গত বৃহস্পতিবার তুরস্কের প্রতি আহ্বান জানান। তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, গত আট দিনের অভিযানে তারা ২৩৭ পিকেকে গেরিলাকে হত্যা করেছে এবং তাদের পক্ষে মারা গেছে ২৪ সেনা। অন্যদিকে, পিকেকে দাবি করেছে, তারা একশ'র বেশি সেনা হত্যা করেছে। তবে নিজেদের পক্ষে ক্ষয়ক্ষতির ব্যাপারে তারা কিছু বলেনি। তুরস্কের অভিযোগ, প্রায় তিন হাজার পিকেকে গেরিলা উত্তর ইরাকে ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে তুরস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় একটি স্বাধীন কুর্দিভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৩০ ঘ.