২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ক্ষমতার ১০০ দিন উপলক্ষ্যে রুডের বই

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড শুক্রবার তার ক্ষমতার ১০০ দিন পূর্তি উদযাপন করতে সরকারের সাফল্য নিয়ে একটি বুকলেট প্রকাশ করেছেন। যদিও সমালোচকরা বলছেন, রুড ক্ষমতা নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বড় কোনো পরিবর্তন আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ক্যানবেরা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড শুক্রবার তার ক্ষমতার ১০০ দিন পূর্তি উদযাপন করতে সরকারের সাফল্য নিয়ে একটি বুকলেট প্রকাশ করেছেন। যদিও সমালোচকরা বলছেন, রুড ক্ষমতা নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বড় কোনো পরিবর্তন আসেনি। রুডের মধ্যবামপন্থী লেবার পার্টি গত বছর ২৪ নভেম্বর নির্বাচনে জেতে। রুড দায়িত্ব নেন ৩ ডিসেম্বর। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় কনজারভেটিভদের টানা ১২ বছরের শাসনের অবসান হয়। রুডের ক্ষমতার একশ দিন উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা অনেক প্রবন্ধ, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। এর অনেকগুলোতে সমালোচনা করে বলা হয়েছে, রুড সরকার ডজন ডজন কমিটি গঠন করেছে আর তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বড় কোনো সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। সরকারের ১০০ দিন উপলক্ষ্যে প্রকাশ করা বইতে রুড সরকারের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে কিয়োটো প্রটোকল স্বাক্ষর, পূর্ব তিমুরে আরও বেশি সেনা মোতায়েন ও ইরাক থেকে অস্ট্রেলিয়ার সেনা প্রত্যাহারের প্রস্তুতির বিষয়গুলো বেশ জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। তবে রুড নিজে সাংবাদিকদের বলেছেন, তিনি নির্বাচনে জয়লাভের পর থেকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে তা হল আদিবাসী বা অ্যাবোরিজিনিদের বিষয়ে সরকারের ক্ষমা চাওয়া। রুড বলেন, "আমরা যখন পার্লামেন্টে ক্ষমা চাইলাম তখন আমার মনে হয়েছিল আমরা এমন কিছু করছি যার জন্য জাতি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, রুড তার ক্ষমতার একশ' দিনে প্রতি চার দিনে গড়ে একটি কমিটি গঠন করেছেন। অন্যদিকে, 'হেরাল্ড সান' পত্রিকা বলেছে, ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি ৪৭টি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তবে এই সমালোচনার জবাব দিয়ে শুক্রবার রুড বলেছেন, সাবেক সরকার গত ২০০৫-'০৬ বছরেই শুধু ৪৯৫টি তদন্ত ও পর্যালোচনা কমিটি গঠন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৩০ ঘ.