২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নতুন নিষেধাজ্ঞা প্রশ্নে জাতিসংঘে ভোট শনিবার

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবার ভোটাভুটি হতে পারে। পশ্চিমা কূটনীতিকরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবার ভোটাভুটি হতে পারে। পশ্চিমা কূটনীতিকরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বরবার বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। এর আগে দু'দফা অবরোধ আরোপ সত্ত্বেও ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে মার্কিন দূত জালমে খালিদজাদ বলেন, "আমরা মনে করছি শুক্রবারের মধ্যে নিষেধাজ্ঞা প্রস্তাবের সবকিছু চূড়ান্ত করে ফেলাই ভাল হবে এবং শনিবার এ নিয়ে ভোটাভুটি করতে হবে।" ব্রিটিশ দূত জন সোয়ার্সও খালিদজাদের সঙ্গে একমত হয়ে বলেছেন, শনিবার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে আরও বিলম্ব হওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করেননি। তিনি বলেন, "আমরা যদি আজও ভোটাভুটিতে যাই তাহলেও নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হবে। তবে আমরা এর সপক্ষে যতটা সম্ভব বেশি সমর্থন নিশ্চিত করতে চাইছি।" পরিচয় প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কুটনীতিক বৃহস্পতিবার রয়টার্সকে বলেছিলেন, "ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে আগামী সপ্তাহের আগে ভোটাভুটি সম্ভব হবে বলে মনে হচ্ছে না।" তেহরানের ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপের জন্য গত ২২ জানুয়ারি বার্লিনে একটি খসড়া প্রস্তাব নিয়ে মতৈক্যে পৌঁছেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। আবরোধের নতুন এই প্রস্তাবে ইরানের কয়েকটি কোম্পানি ও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এর আগে ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের মার্চে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪০৫ ঘ.