ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কের উচিত যত দ্রুত সম্ভব উত্তর ইরাক থেকে সেনা প্রত্যাহার করা। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার একথা বলেছেন।
তুর্কি সামরিক অভিযানের ইতি টানার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তুরস্কের উচিত দ্রুত লক্ষ্য অর্জন করে অবিলম্বে সেখান থেকে সরে আসা।"
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের নির্মূল করতে হাজার হাজার তুর্কি সেনা গত বৃহস্পতিবার থেকে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে অভিযান শুরু করেছে। তুরস্ক জানিয়েছে, ইরাক সরকার বিদ্রোহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তারা অভিযান চালাতে বাধ্য হয়েছে।
তুরস্কের অভিযোগ, প্রায় তিন হাজার পিকেকে বিদ্রোহী উত্তর ইরাকে ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে তুরস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় একটি স্বাধীন কুর্দিভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করে আসছে।
তুর্কি বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে ইরাক গত মঙ্গলবার দ্রুত সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
তুরস্ক জানিয়েছে, পিকেকে সন্ত্রাসী সংগঠন এবং তাদের বিরুদ্ধে অভিযান চালানোর বৈধতা তাদের আছে। তবে এই অভিযান কতদিন চলবে তুরস্ক সে সম্পর্কে এখনও কিছু জানায়নি।
বুশ বলেন, "পিকেকে গেরিলারা তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইরাকেরও শত্র"। নিরীহ মানুষকে যারা হত্যা করতে চায় সেইসব লোকদের জন্য উত্তর ইরাক নিরাপদ স্বর্গ হোক তা কোনো পক্ষই চায় না।"
উল্লেখ্য, বুশ প্রশাসন উত্তর ইরাকে পিকেকে গেরিলা নির্মূল অভিযানে সহায়তা করার জন্য তুরস্কের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে আসছে। আঙ্কারা অবিলম্বে ইরাক অভিযান শেষ করার ওয়াশিংটনের আহ্বানে সাড়া না দিলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ কমিয়ে কিংবা বন্ধ করে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৫ঘ.
bdnews24