নাইরোবি, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা বৃহস্পতিবার ক্ষমতা ভাগাভাগি চুক্তি স্বাক্ষর করেছেন। নির্বাচন পরবর্তী সহিংসতা অবসানে শেষ পর্যন্ত এই চুক্তি করলেন দু'নেতা। বিতর্কিত নির্বাচন নিয়ে সহিংসতায় কেনিয়ায় এ পর্যন্ত অন্তত ১ হাজার লোকের প্রাণহানি হয়েছে।
জাতিসংঘের সাবেক মহসচিব কফি আনানের মধ্যস্থতায় বেশ কয়েক দফা আলোচনার পর কিবাকি এবং ওডিঙ্গা কোয়ালিশন সরকার গড়ার লক্ষ্যে ওই চুক্তি স্বাক্ষর করেন।
দুই প্রতিপক্ষের চুক্তি স্বাক্ষরের এই দৃশ্য টেলিভিশনে দেখানো হয়। দু নেতার এ পদক্ষেপকে হাততালি দিয়ে স্বাগত জানায় উল্লাসিত জনতা।
২৭ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে কেনিয়ায় সহিংসতা শুরুর পর থেকেই কিবাকি এবং ওডিঙ্গা একটি আপোসরফায় উপণীত হওয়ার জন্য প্রচণ্ড চাপের মুখে ছিলেন।
ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে ওডিঙ্গাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বিরোধীদলের জন্য রয়েছে আরও কিছু নতুন পদ। দু'দলের মধ্যে ভারসাম্য রেখেই দপ্তর বন্টন করা হবে।
আনান বলেন, "কেনিয়াকে বাঁচানোর জন্যই আপোসরফার প্রয়োজন।"
তিনি আরও বলেন, "যাদের প্রচেষ্টায় এটি সম্ভব হল তাদের সম্পর্কে বলতে চাই, তারা কেনিয়ার ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং সর্বপোরি দেশের ভালোর জন্যই ঐকমত্যে পৌঁছেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৬ঘ.
bdnews24