২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধেশিদের স্বায়ত্ত্বশাসন দিতে রাজি নেপাল সরকার

মাধেশি আন্দোলনের অবসান ঘটাতে তাদের স্বায়ত্ত্বশাসন দিতে বৃহস্পতিবার রাজি হয়েছে নেপাল সরকার। আসন্ন নির্বাচনের পর এই স্বায়ত্ত্বশাসন দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কাঠমান্ডু, ফেব্র"য়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাধেশি আন্দোলনের অবসান ঘটাতে তাদের স্বায়ত্ত্বশাসন দিতে বৃহস্পতিবার রাজি হয়েছে নেপাল সরকার। আসন্ন নির্বাচনের পর এই স্বায়ত্ত্বশাসন দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দক্ষিণের তেরাই এলাকার জাতিগত মাধেশি আন্দোলনের নেতাদের সঙ্গে কয়েকদিনব্যাপী আলোচনার পর সরকার তাদের স্বায়ত্ত্বশাসন দিতে রাজি হল। কর্মকর্তারা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের পর তেরাই ও অন্যান্য অঞ্চলকে স্বায়ত্ত্বশাসন মঞ্জুর করতে সরকার রাজি। এক বিবৃতিতে উভয়পক্ষই বলেছে, "চলমান প্রতিবাদ-বিক্ষোভ এ মুহূর্ত থেকে বন্ধ হল।" এর মধ্য দিয়ে নেপালে দুবার পিছিয়ে যাওয়া নির্বাচন নির্ধারিত সময় ১০ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হল। এই নির্বাচনের মাধ্যমে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বিশেষ গণপরিষদ গঠিত হবে। রচিত হবে নতুন সংবিধান। অন্তর্বর্তী পার্লামেন্ট হিসাবেও কাজ করতে পারে নির্বাচিত ওই গণপরিষদ। মাধেশি আন্দোলনের নেতাদের সঙ্গে স্বায়ত্ত্বশাসন চুক্তি স্বাক্ষর করে নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা বলেন, "আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করছি যে, সরকার কেবল আপনাদের দাবির প্রতি সহানুভূতিশীলই নয় বরং তা পূরণও করবে।" এই চুক্তির আওতায় নেপালের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এমনকী সেনাবাহিনীতেও মাধেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনদের প্রতিনিধিত্ব থাকবে। উল্লেখ্য, স্বায়ত্ত্বশাসনের দাবিতে মাধেশিদের ডাকা অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল হয়ে পড়েছিল তেরাই অঞ্চলের জনজীবন। ১৫ দিন ধরে তেরাইয়ের তিনটি রাজনৈতিক দলের সংগঠন 'দ্য ইউনাইটেড ডেমোক্র্যাটিক মাধেশি ফ্রন্ট' (ইউডিএমএফ) ধর্মঘট করেছে। এতে বন্ধ হয়ে যায় ভারত থেকে নেপালের সড়কপথে আমদানি। বেড়ে যায় খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের দাম। দেখা দেয় জ্বালানি সংকট। রাজনৈতিক সহিংসতায় নিহত হয় পুলিশসহ অন্তত ৪ জন বিক্ষোভকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪১ঘ.