নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ (৬৫)। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে ব্লুমবার্গ তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্লুমবার্গ প্রেসিডেন্ট নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিতেন পারেন বলে দীর্ঘ দিন ধরে যে জল্পনা-কল্পনা চলছিল তার এ ঘোষণার মাধ্যমে তা অবসান হল।
পত্রিকাটির বৃহস্পতিবারের সংস্করণে লেখা এক নিবন্ধে তিনি বলেন, "নির্বাচন করার জন্য যারা আমাকে উৎসাহ দিয়েছে তাদের কথা আমি গুরুত্বের সঙ্গে শুনেছি। তবে আমি নির্বাচন করব না।"
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে এটাই ব্লুমবার্গের সবচেয়ে খোলামেলা বিবৃতি।
তবে ঠিক কি কারণে ব্লুমবার্গ প্রতিদ্বন্দ্বিতা করছেন না সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। এছাড়া আগামী নির্বাচনে তিনি কাকে সমর্থন দেবেন সে বিষয়েও কোনো ইঙ্গিত দেননি।
ব্লুমবার্গ দীর্ঘদিন ডেমোক্র্যাট দলের রাজনীতিতে জড়িত থাকলেও ২০০১ সালে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান দলে যোগ দেন এবং বিজয়ী হন।
২০০৫ সালের মেয়র নির্বাচনেও তিনি জয়ী হন। কিন্তু গত বছরের জুন মাসে তিনি রিপাবলিকান দল থেকে সরে দাড়ান । তার উদ্দেশ্য ছিল দলীয় রাজনীতির বাইরে স্বতন্ত্র অবস্থান তৈরি করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২২৫ ঘ.
bdnews24