অসলো, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ায় ক্রমাগত বন উজাড়ের ফলে কার্বন দূষণ বাড়ছে। অন্যদিকে, ব্যাপক হারে গাছপালা কেটে জঙ্গল সাফ করে ফেলায় জীববৈচিত্র ও বন্যপ্রাণীদের আবাস নষ্ট হয়ে বিলুপ্তির মুখে পড়েছে বিখ্যাত 'সুমাত্রা প্রজাতির' হাতি এবং বাঘ দুইই। 'ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' (ডব্লিউডব্লিউএফ) বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুমাত্রা দ্বীপের প্রায় এক পঞ্চমাংশ নিয়ে গঠিত রিয়াউ প্রদেশের ৬৫ শতাংশ বনাঞ্চল গত ২৫ বছরে ধ্বংস হয়ে গেছে। গাছ কেটে কাগজকলের জন্য পাল্পউড সংগ্রহ এবং বন সাফ করে পাম অয়েল আবাদ করার কারণেই মূলত এত দ্রুত এ বিশাল বনাঞ্চল সাফ হয়ে গেছে।
বিপুল আয়তনের এ বনভূমি সাফ হয়ে যাওয়ায় বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। বন উজাড় হওয়ায় একদিকে বায়ুমণ্ডল থেকে নির্গত কার্বন শোষণ কমে গেছে। অন্যদিকে, গাছ পোড়ানো চলতে থাকায় গাছপালায় জমা হওয়া থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন বাড়ছে। অর্থাৎ বন উজাড়ের ফলে কার্বন দুষণের বিবেচনায় দু'দিক থেকে তি হচ্ছে ।
ডব্লিউডব্লিউএফ এর হিসেব মতে রিয়াউ বনাঞ্চলের কার্বন নির্গমনের পরিমাণ বার্ষিক নির্গমনের হিসাবে অস্ট্রেলিয়ার প্রায় ৫৮ শতাংশ, ব্রিটেনের প্রায় ৩৯ শতাংশ, এবং নেদারল্যান্ডের প্রায় ১২২ শতাংশের সমান।
বন উজাড়ের ফলে গত ২৫ বছরে রিয়াউ বনাঞ্চলে সুমাত্রা-হাতির সংখ্যা ৮৪ শতাংশ কমে মাত্র ২১০ টিতে নেমে এসেছে এবং সুমাত্রা-বাঘের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমে মাত্র ১৯২ টিতে নেমে এসেছে।
ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের এর বন্যপ্রাণী বিভাগের কর্মসূচি পরিচালক সুসান লিবারমান বলেছেন, "সুমাত্রা হাতি ও বাঘ সেখানকার বনাঞ্চলের চেয়েও দ্রুতগতিতে বিলুপ্ত হচ্ছে।"
তিনি বলেন, বন উজাড়ের ফলে হাতি, বাঘ খাবারের সন্ধানে বাধ্য হয়ে মানব বসতির কাছে চলে আসায় তাদের মৃত্যুর হার এত বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৬ ঘ.
bdnews24