২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'খেমাররুজ কসাই' দুচের চোখে জল

খেমাররুজদের কুখ্যাত 'তোল স্লেং' বা 'এস-টুয়েন্টিওয়ান' বন্দিশিবিরে নির্মম নিপীড়নের শিকার হয়ে প্রাণ হারানো প্রায় ১৪,০০০ কম্বোডীয়র জন্য চোখের জল ফেললেন 'খেমাররুজ কসাই' নামে পরিচিত কেয়াং গুয়েক ইয়াভ ওরফে 'দুচ'। পল পটের অন্যতম শীর্ষ সহযোগী দুচের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই মানব ইতিহাসের জঘণ্যতম ওই নিপীড়নকেন্দ্র চালানো হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

নম পেন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - খেমাররুজদের কুখ্যাত 'তোল স্লেং' বা 'এস-টুয়েন্টিওয়ান' বন্দিশিবিরে নির্মম নিপীড়নের শিকার হয়ে প্রাণ হারানো প্রায় ১৪,০০০ কম্বোডীয়র জন্য চোখের জল ফেললেন 'খেমাররুজ কসাই' নামে পরিচিত কেয়াং গুয়েক ইয়াভ ওরফে 'দুচ'। পল পটের অন্যতম শীর্ষ সহযোগী দুচের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই মানব ইতিহাসের জঘণ্যতম ওই নিপীড়নকেন্দ্র চালানো হত। পল পটের নেতৃত্বাধীন খেমাররুজ শাসনামলে ক্যাম্বোডিয়ায় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে জাতিসংঘের সহায়তায় গঠিত বিশেষ যুদ্ধপরাধ ট্রাইবুনালের বিচারকরা মঙ্গলবার দুচ-কে সঙ্গে নিয়ে বন্দিশিবিরটি পরিদর্শণে গেলে সেখানে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্মৃতি জাদুঘরে রূপান্তরিত ওই বন্দিশিবিরের বিভিন্ন কক্ষে এখনও সাজিয়ে রাখা নিপীড়নের হাতিয়ার, সরঞ্জামাদি দেখলে যে কারও গা শিউরে উঠবে। অনেক কক্ষের মেঝেতে, দেয়ালে, নির্যাতনের চেয়ারে এখনও শুকিয়ে কালচে হয়ে যাওয়া চাপ চাপ রক্তের দাগ লেগে আছে। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে দুচের জবানবন্দিভিত্তিক একটি ভিডিও ডকুমেন্টারি তৈরী করছেন এমন এক কুশীলব জানান, কিভাবে লোকজনদের বন্দিশিবিরে ধরে আনা হত এবং তাদের নির্যাতন করা হত তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন ৬৬ বছর বয়সী দুচ। ট্রাইব্যুনালের সদস্যরা তাকে নিয়ে খেমাররুজদের গণকবরে গেলে সেখানে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙ্গে পড়েন এবং হত্যাযজ্ঞের শিকারদের জন্য প্রার্থনা করেন দুচ। নম পেনের ঠিক বাইরেই ১২৯ টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। বিশাল আয়তনের এসব গণকবরে নিপীড়নের মাধ্যমে হত্যা করা হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছিল। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, "বন্দিশিবিরে তার পুরনো অফিসে নিয়ে আসার পর তিনি আবারও কান্নায় ভেঙ্গে পড়েন। দেখে মনে হচ্ছিল তিনি তার অতীত জীবনের জন্য অনুতপ্ত।" সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং সেসবের বিস্তারিত নথি তৈরীর পর জুলাই মাসে পল পট সহযোগীদের চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হবে। দুচ ছাড়াও পল পটের ডান হাত "ব্রাদার নম্বর টু" বলে পরিচিত নুয়ন চিয়া এবং ওই আমলের প্রেসিডেন্ট খিউ সামফান , পররাষ্ট্রমন্ত্রী ইয়াং সেরি ও তার স্ত্রী বর্তমানে আটকাবস্থায় আছেন। ১৯৯৮ সাল নিজের জন্মস্থানে মারা যান খেমাররুজ নেতা পল পট। ১৯৭৯ সালে ভিয়েতনামী সেনাদের কম্বোডিয়া আগ্রাসনে পরাস্ত হওয়ার মধ্য দিয়ে পল পটের "আওয়ারি জিরো" রিভলিউশন শেষ হয়। দেশটিতে একটি 'ইউটোপীয় কৃষিসমাজ' গড়ার লক্ষ্যে খেমাররুজদের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্যাতন কিংবা হত্যার শিকার হয়ে প্রায় ১৭ লাখ মানুষ প্রাণ হারান বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১২ ঘ.