নুতন দিল্লি, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও ভারত যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। ভারত সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার একথা জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। বিতর্কিত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে দু'শের চলমান অচলবস্থা এ আলোচনায় বাধা হয়ে দাঁড়াবে না বলেও উল্লেখ করেন গেটস।
গেটস সাংবাদিকদের বলেন, "যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আমরা সবে মাত্র আলোচনা শুরু করেছি। এ বিষয়ে ভারতের প্রয়োজন এবং কোন ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারি তা যাচাই করে দেখতে হবে।"
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আর বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি -- দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন বলে উল্লেখ করেন গেটস।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যাপারে ভারতের সঙ্গে মার্কিন সহযোগিতা রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত এখনও পর্যন্ত চাইছে স্বাধীনভাবে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। কিন্তু ভারতের এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। যেমন ইউরোপীয় বিভিন্ন কোম্পানিকে বাদ দিয়ে তারা মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশনের কাছ থেকে প্রতিক্ষা বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে এবং মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর জন্য বাজার সৃষ্টি করতে গেটস ভারত সফরে এসেছেন। তিনি জানান, সহযোগিতার ভিত্তিতে নতুন দিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে চায় ওয়াশিংটন।
ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির ব্যাপারে ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে জানিয়ে গেটস বলেন, "আমরা হুট করে বড় কোনো ফলাফল প্রত্যাশা করছি না।"
তিনি আরও বলেন, "বরং দুদেশের সম্পর্ক ধীরে এগিয়ে নেওয়াই ভাল। এতে করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমাদের নিজেদের জন্যও বিষয়টি স্বস্তির হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪৩৯ ঘ.
bdnews24