ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক থেকে সেনা প্রত্যাহারের নতুন বিল নিয়ে মার্কিন সিনেটে মঙ্গলবার থেকে বির্তক শুরু হয়েছে। এই বিল পাস হলে বুশ প্রশাসনকে ইরাক থেকে চার মাসের মধ্যে সেনা প্রত্যাহার শুরু করতে হবে।
ইরাক যুদ্ধ সম্পর্কিত এ বিল নিয়ে বিতর্কের শুরুতেই সিনেটর রুস ফেইনগোল্ড বলেন, "ইরাকে সবকিছু ঠিকঠাক মত চলছে বলে বুশ প্রশাসন যে কথা আমাদের শুনাচ্ছে তা কি আপনারা বিশ্বাস করেন?"
উইনকনসিনের সিনেটর রুস ফেইনগোল্ড গত বছরও এ ধরনের একটি বিল পেশ করেছিলেন। তবে সেটি পাস হয়নি। তিনি আরও বলেন, "ইরাকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক সংহতির জন্য সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন কোনো কাজে আসেনি।"
প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ২০০৩ সালে মর্কিন নেতৃত্বাধীন অভিযানের পর থেকে এ পর্যন্ত ইরাকে চার হাজার মার্কিন সেনা ও কমপক্ষে ৮০ হাজার ইরাকির মৃত্যু হয়েছে।
বিলটি নিয়ে এই সপ্তাহে ভোটাভুটি হতে পারে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেস বিলটি পাস হলে প্রেসিডেন্ট বুশ এতে ভেটো দেবেন।
হোয়াইট হাউসের এক বিবৃৃতিতে বলা হয়েছে, "বিলটি কার্যকর হলে ইরাকে প্রেসিডেন্ট বুশের নতুন পরিকল্পনা ব্যর্থ হবে। তখন তড়িঘড়ি করে সেনা ফিরিয়ে আনতে হবে।"
তবে বিলটি পাস হওয়ার তেমন সম্ভাবনা নেই। ডেমোক্র্যাটদের অনেকেই জানিয়েছেন, ১০০ সদস্যের সিনেটে বিলটি ৩০ জনের সমর্থন পেতে পারে।
সিনেটর রুস ফেইনগোল্ডের এই বিলে বলা হয়েছে, ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করতে হবে। তবে তা চার মাসের মধ্যে শুরু করতে হবে। যদিও এতে সেনা প্রত্যাহার শেষ করার কোনো চূড়ান্ত সময়সীমা উল্লেখ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24