২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-আফগান সীমান্তে আল-কায়েদার শক্তি বাড়ছে

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তৎপর জঙ্গিদের অর্থ, প্রশিক্ষণ ও অন্যান্য সাহায্য দিয়ে ওই এলাকায় শক্তি বাড়াচ্ছে আল-কায়েদা। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শীর্ষ মার্কিন কমান্ডার মেজর জেনারেল ডেভিড রডরিগ মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তৎপর জঙ্গিদের অর্থ, প্রশিক্ষণ ও অন্যান্য সাহায্য দিয়ে ওই এলাকায় শক্তি বাড়াচ্ছে আল-কায়েদা। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শীর্ষ মার্কিন কমান্ডার মেজর জেনারেল ডেভিড রডরিগ মঙ্গলবার একথা বলেছেন। ওসামা বিন লাদেনের আল-কায়েদা সংগঠন গত এক বছরে পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন আদিবাসী এলাকায় নিরাপদ ঘাঁটি গড়ে তুলেছে। পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের সমন্বয় বাড়াতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করে মার্কিন বাহিনী। আফগানিস্তান থেকে ভিডিও লিংকের মাধ্যমে মেজর জেনারেল ডেভিড রডরিগ পেন্টাগনে সাংবাদিকদের বলেন, "আমরা বুঝতে পারছি আফগান বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদার নেতৃত্বাধীন সন্ত্রাসীদের যোগাযোগ বাড়ছে। দিন দিন বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।" তিনি আরও বলেন, "কৌশলগত ও প্রযুক্তিগত দিক দিয়ে আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠীগুলো নিজেদের মধ্যে আদান-প্রদান বাড়িয়ে হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করছে। এক্ষেত্রে অনেক সময় আল-কায়েদা তাদের অর্থ দিয়েও সাহায্য করছে।" ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। ফলে তালেবান সরকারের সহযোগিতায় গড়ে ওঠা আল কায়েদা নেটওয়ার্কও বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু গত দুই বছরে আল-কায়েদা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর গত দুই বছরে আফগানিস্তানে সহিংসতার ঘটনা যেমন বেড়েছে তেমনি জঙ্গি তৎপরতায় অস্থিতিশীল হয়ে উঠেছে পাকিস্তান। বিশেষ করে সীমান্তবর্তী আদিবাসী এলাকায় জঙ্গিরা নিরাপদ ঘাঁটি গড়ে তুলেছে। পাকিস্তানে আত্মঘাতী হামলা ও বোমা হামলায় গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সফর শেষে মার্কিন সিনেটের 'ফরেইন রিলেশন্স কমিটির' চেয়ারম্যান জো বিডেন গত সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেশদুটির নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিৎ। কারণ আফগানিস্তান পুনর্গঠনের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হলে প্রতিবেশী পাকিস্তানও একই পথে যেতে পারে। বিডেন বলেন, "আফগানিস্তানের ভাগ্য আর পাকিস্তানের ভবিষ্যৎ এক সুতোয় গাঁথা এবং এ দুইয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি জড়িত। আফগানিস্তান ব্যর্থ হলে পাকিস্তানও ওই পথে যেতে পারে, কারণ জঙ্গিরা তখন আরও বড় পুরস্কারের আশায় পূর্ব দিকে এগোবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১২৫৫ ঘ.