২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরার মুখে ইরাকি 'আল-ফুরাত' টিভির বার্তা সম্পাদক

মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, আটককৃত ইরাকি টিভির বার্তা সম্পাদক হাফেদ আল-বেশারার সঙ্গে ইরানের মদদপুষ্ট জঙ্গিদের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে তাকে জেরা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

বাগদাদ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, আটককৃত ইরাকি টিভির বার্তা সম্পাদক হাফেদ আল-বেশারার সঙ্গে ইরানের মদদপুষ্ট জঙ্গিদের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে তাকে জেরা করা হবে। মঙ্গলবার রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর ব্র্যাড লেইটন বলেন, "জোটবাহিনী মনে করছে বেশারার কাছে ইরানের মদদপুষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য আছে। একারণে তাকে আটক রাখা হয়েছে।" তিনি বলেন, ইরানের মদদপুষ্ট ইরাকি জঙ্গিদের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে আগামী ৪৮-৭২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তিনি বলেন, ওইসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত না থাকলে যত শিগগির সম্ভব তাকে ছেড়ে দেওয়া হবে। ইরাকে ইরানের মদদপুষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে বেশারার কাছে তথ্য থাকতে পারে এ সন্দেহে গত সপ্তাহে তার বাড়ি থেকে আটক করে মার্কিন সেনারা। একইসঙ্গে মার্কিন সেনারা তার ছেলেকেও আটক করে। ছেলেটির বিরুদ্ধে মার্কিন ও ইরাকি সেনাদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তখন জানায় মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনী বেশারাকে আটকের প্রাথমিক কারণ হিসেবে তার বাসায় একটি অবৈধ অস্ত্র পাওয়ার কথাও জানায়। প্রসঙ্গত, ইরাকে মার্কিন ও ইরাকি সেনাদের ওপর হামলা চালানো শিয়া সংগঠনগুলোকে ইরান অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। অবশ্য, ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইরাকের ওইসব সংগঠনের সদস্যদের আটক বা হত্যা করার জন্য অভিযান জোরদার করেছে মার্কিন সেনাবাহিনী। ওদিকে, ইরাকে প্রধান সাংবাদিক ইউনিয়ন বেশারর মুক্তির দাবি জানিয়ে মার্কিন সেনাবাহিনীর ওই অভিযানের সমালোচনা করেছে। প্রসঙ্গত, অভিযানের সময় মার্কিন সেনাবাহিনী মধ্য বাগদাদে ফুরাত টিভি চ্যানেলের স্টুডিওতেও তল্লাশি চালায়। আল-ফুরাত টিভি চ্যানেলটি ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির সরকারের সবচেয়ে বড় শিয়া রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিল এর মালিকানাধীন। দলটির নেতা আবদুল আজিজ আল-হাকিম ওয়াশিংটনের আস্থাভাজন এবং গত নভেম্বর মাসে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৫ ঘ.