২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের গণভোটের বিরোধিতায় যুক্তরাষ্ট্র-ব্রিটেন

জাতিসংঘে যোগদান প্রশ্নে তাইওয়ানের পরিকল্পিত গণভোটের বিরোধিতায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দেশ দুটি জানিয়ে দিয়েছে, তারা তাইওয়ানের এই পদক্ষেপ সমর্থন করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

বেইজিং, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে যোগদান প্রশ্নে তাইওয়ানের পরিকল্পিত গণভোটের বিরোধিতায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দেশ দুটি জানিয়ে দিয়েছে, তারা তাইওয়ানের এই পদক্ষেপ সমর্থন করবে না। চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান জাতিসংঘ সদস্য পদের জন্য আবেদন করবে কিনা-- এ নিয়ে তাইওয়ানে আগামী ২২ মার্চ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ১৯৪৯ সলের গৃহযুদ্ধের পর তাইওয়ান আলাদা হয়ে গেলেও চীন তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবেই বিবেচনা করে আসছে। চীন জানিয়ে দিয়েছে, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দিলে তারা সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না। এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার চীনে পৌঁছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, "তাইওয়ান একটি গণতান্ত্রিক ভূখণ্ড। নিজেদের সব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে।" তিনি আরও বলেন, "কিন্তু আমি মনে করি আমরা সবাই মোটামুটি পরিস্কারভাবে জানি, পরিকল্পিত গণভোট কারো কোনো কাজে আসবে না। তাছাড়া এটি অনুষ্ঠিত হওয়া ঠিক না।" চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইসির সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "আমি পূর্বেও একই কথা বলেছি এবং এখনও তা বলছি।" এদিকে, সাংহাইতে চায়না ইউরোপ 'ইন্টারন্যাশনাল বিজনেস' স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেন, "জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য তাইওয়ানে গণভোট অনুষ্ঠানের প্রক্রিয়া আমরা সমর্থন করি না।" তাইওয়ানের গণভোটের ব্যাপারে যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও তারা চীন ও তাইওয়ান উভয় পক্ষের সঙ্গে মিল দিয়ে চলছে। উল্লেখ্য, তাইওয়ান যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬২৬ ঘ.