বেইজিং, ফেব্র"য়ারি ২৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি মঙ্গলবার জানিয়েছেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে আগ্রহী তারা। চীন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইয়াং একথা বলেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, "আমরা মানবাধিকার নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত।"
এর আগে, ২০০৪ সালে বেইজিং ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষীয় মানবাধিকার আলোচনা ভেঙ্গে দেয়। একটি জাতিসংঘ সংস্থাকে চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিন্দা জানানোর জন্য ওয়াশিংটনের আহ্বানের পর চীন ওই আলোচনা ভেঙ্গে দেয়।
বেইজিংয়ে ২০০৮ সালের অলিম্পিক গেমসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে। তাদের অভিযোগ, সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার বিষয়ে চীনের অবস্থান শীর্ষে। এছাড়া একটি স্বাধীন বিচার বিভাগের অনুপস্থিতি এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর নিপীড়ন মিলিয়ে দেশটির সার্বিক মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর একদিনের চীন সফরে তাকে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলারও আহ্বান জানিয়েছে অনেক মানবাধিকার সংগঠন।
যৌথ সংবাদ সম্মেলনে রাইস বলেন, "চীনে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমাদের উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে মানবাধিকার আলোচনা পুনরায় শুরুর গুরুত্ব বিষয়ে মন্ত্রীকে বলেছি আমি।"
তিনি আরও বলেন, "শ্রদ্ধা বজায় রেখেই এসব বিষয়ে কথা বলেছি আমরা। কিন্তু এগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24