নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পুনর্গঠন ও নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের আরও বেশি মনোযোগী হওয়া উচিৎ। কারণ আফগানিস্তান ব্যর্থ হলে প্রতিবেশী পাকিস্তানও একই পথে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সিনেট 'ফরেইন রিলেশন্স কমিটির' চেয়ারম্যান জো বিডেন দেশ দু'টি সফর শেষে সোমবার এ মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেইন রিলেশন্স এর বক্তৃতায় সিনেটর বিডেন আফগানিস্তানের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর ইউরোপের পুনর্গঠনে 'মার্শাল পরিকল্পনার' মতো একটি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান।
বিডেন বলেন, "আফগানিস্তানের ভাগ্য আর পাকিস্তানের ভবিষ্যত এক সুতোয় গাঁথা এবং এ দুইয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি জড়িত।"
তিনি বলেন, " যদি আফগানিস্তান ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও ওই পথে যেতে পারে, কারণ জঙ্গিরা তখন আরও বড় পুরস্কারের আশায় পূর্ব দিকে এগোবে।"
বিডেন জানান, যুক্তরাষ্ট্র গত ছয় বছরে আফগানিস্তানের পুনর্গঠনে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে ইরাকে মার্কিন বাহিনীর জন্য প্রতি তিন সপ্তাহে তার সমপরিমাণ অর্থ ব্যয় করা হয়।
আফগানিস্তানে আরও সেনা মোতায়েনের আহ্বান জানিয়ে বাইডেন বলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থার মতো মৌলিক কাঠামো নির্মাণ এবং পানির কূপ খননসহ এ ধরনের জরুরি প্রকল্প বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন।
২০০১ সালে নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র দাবি করে যে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে লুকিয়ে আছেন। তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানানোয় আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তৎকালীন তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন প্রায় ৫০,০০০ দখলদার সেনা এখনও আফগানিস্তানে মোতায়েন রয়েছে। অন্যদিকে, তালেবান বাহিনীও আত্মঘাতী ও চোরাগুপ্তা হামলা চালিয়ে নানাভাবে বিদেশী বাহিনীকে হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24