ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নতুন করে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন বিশ্বের ৬ শক্তিধর দেশের প্রতিনিধিরা।
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কৌশলগত দিক ও নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির ঊর্ধ্বতন কূটনীতিকরা।
বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টম ক্যাসি বলেন, "খসড়া নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আমরা খুব শিগগির ভোটাভুটি আশা করছি। নিউ ইয়র্কে এ নিয়ে আলোচনা চলছে।"
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে ক্যাসি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে ইরানকে পরমাণু কর্মসূচি ত্যাগ করানোর জন্য চাপ দেওয়ার ব্যাপারে চীন ও রাশিয়া আরও বিস্তারিত প্রমাণ চাইবে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে।
চীন ও রাশিয়ার প্রতি ইঙ্গিত করে টম ক্যাসি বলেন, "ইরানের পরমাণু প্রকল্পের হুমকি নিয়ে তারা দ্বৈতনীতি অব্যাহত রেখেছে।"
যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স চাইছে চলতি সপ্তাহেই ইরানের ওপর অবরোধ আরোপ করতে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৫০ ঘ.
bdnews24