জাখু, ইরাক, ফেব্র"য়ারি ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর সঙ্গে কুর্দি পিকেকে গেরিলাদের তুমুল সংঘর্ষের মাঝে তুরস্ককে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাগদাদ।
ইরাক সরকার ন্যাটো সদস্যদের বলেছে, তুরস্কের উচিত যত দ্রুত সম্ভব সেনা প্রত্যাহার করে নেয়া এবং পিকেকে সমস্যার সমাধান নিয়ে বাগদাদের সঙ্গে আলোচনায় বসা।
পিকেকে গেরিলারা জানিয়েছে, তারা রোববার একটি তুর্কি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বাগদাদ এবং ওয়াশিংটন এই আক্রমণের প্রভাব ইরাকের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছে।
তুরস্কের জেনারেল স্টাফ জানিয়েছে, রোববারের সংঘর্ষে এক নেতাসহ ৩৩ জন পিকেকে গেরিলা এবং আট সেনা নিহত হয়েছে। তারা আরও জানায়, বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হওয়া থেকে এ পর্যন্ত ১১২ পিকেকে গেরিলা এবং ১৫ সেনা নিহত হয়েছে।
তবে পিকেকে এই তথ্য অস্বীকার করেছে। তাদের দাবি এ পর্যন্ত ৪৭ তুর্কি সেনা এবং দুই গেরিলা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬১৪ঘ.ু
bdnews24