ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর শীর্ষ চিকিৎসকসহ তার দুই কর্মচারি নিহত হয়েছে। শহরের প্রধান সড়কে সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ পর প্রথমবারের মতো সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিম এলাকার বাইরে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "হামলায় সার্জন জেনারেল লেফটেন্যান্ট-জেনারেল মুশতাক বেগ, তার গাড়িচালক এবং এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।"
প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর রাওয়ালপিন্ডিতে অবস্থিত। তাছাড়া গত বছরের মাঝামঝি থেকে এ শহরে সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর ওপর বেশ কয়েক দফা বড় ধরনের হামলা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো এ শহরেই এক সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও আত্মঘাতী হামলায় মারা যান। ওই হামলায় বেনজিরের ২০ জনের বেশি সমর্থকও প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী হামলাস্থল ঘিরে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭৩১ ঘ.
bdnews24