নতুন দিল্লি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সবক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই লেগে থাকে। ক্রিকেটে কে সেরা সে বিতর্কের অবসান কোনোদিনও সম্ভব নয়। কিন্তু চলচ্চিত্র শিল্পে ভারতের বলিউডের ধারে কাছেও ঘেঁষতে পারবে না পাকিস্তান। পাকিস্তানে বলিউড তারকাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। সে তুলনায় গত কয়েক দশকে ভারতে পাকিস্তানি চলচ্চিত্র দেখানোই হয়নি। এ অবস্থায় ভারতে পাকিস্তানি একটি ছবির প্রদর্শনী হতে চলেছে আগামী মাসেই।
ছবিটির নাম 'খুদা কে লিয়ে' বা আল্লাহর নামে। ইসলামের দুই ধারা উদার ও চরমপন্থার মধ্যে বিতর্ক নিয়ে এই ছবি। বিশেষ করে ৯/১১ এর পর বিশ্বে মুসলমানদের চিত্র এতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
ছবিটির পরিচালক শোয়েব মনসুর আশা করছেন, আগামী ২৮ মার্চ থেকে প্রদর্শনী শুরু হতে যাওয়া ছবিটি হিন্দু সংখ্যগরিষ্ঠ দেশ ভারতে দর্শক টানতে পারবে।
লাহোর ভিত্তিক এই চলচ্চিত্র নির্মাতা এক ই-মেইল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "গত কয়েক দশকের মধ্যে ভারতে প্রদর্শিত হতে চলা এটি প্রথম পাকিস্তানি ছবি। কাজেই এর প্রতি মানুষের আগ্রহ থাকবে।"
তিনি জানান, ছবির কাহিনী গড়ে উঠেছে তিনটি গল্পকে কেন্দ্র করে। এগুলো হচ্ছে- এক পপ শিল্পীর ইসলামি কট্টরপন্থার সঙ্গে জড়িয়ে পড়া, পাকিস্তানি বংশদ্ভুত এক ব্রিটিশ নাগরিকের জোর করে তার কাজিনকে বিয়ে করা ও ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে অবৈধভাবে আটকে রাখা।
ছবিটিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নামকরা অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তাকে দেখা যাবে আদালতে একটি মামলায় একজন মুসলমান স্কলার হিসেবে। সেখানে তিনি ইসলামী বিশ্বাসের ব্যাখ্যা তুলে ধরবেন।
ভারতে পাকিস্তানি ছবির দর্শক এমনিতে খুবই কম। তবে গত বছরের জুলাইতে পাকিস্তানে মুক্তি পাওয়া 'খুদা কি লিয়ে'র ব্যবসায়িক সফলতা পাওয়ার পর আশা করা হচ্ছে পাকিস্তানি চলচ্চিত্র শিল্প দুর্দিন কাটিয়ে উঠতে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭০০ ঘ.
bdnews24