জাকার্তা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাশ্চিম সুমাত্রার বেংকুলু প্রদেশে সোমবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। তবে পরে তা প্রত্যাহার করা হয়েছে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের 'জিওলজিক্যাল সার্ভে' জানিয়েছে, ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি সমুদ্রপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। এর কম্পন প্রতিবেশী সিঙ্গাপুর থেকেও অনুভূত হয়েছে।
তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তি সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বেংকুলু শহরের এক পুলিশ কর্মকর্তা হাসানুদ্দিন রয়টার্সকে বলেন, "এখনও পর্যন্ত ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24