কারবালা, ইরাক, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের দক্ষিণাঞ্চলে রোববার শিয়া মুসলিমদের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৬ জন।
পুৃলিশ বলেছে, বাগদাদে জঙ্গিদের হাতে তিন শিয়া তীর্থযাত্রী নিহত এবং ৩৬ জন আহত হওয়ার কয়েকঘন্টা পর ইসকান্দরিয়া শহরে ওই বোমা হামলা হয়।
বাগদাদে শিয়া তীর্থযাত্রীরা হেঁটে কারবালা অভিমুখে যাওয়ার সময় রাস্তার ধারে পেতে রাখা বোমার আঘাতের শিকার হয়। এরপর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়।
শিয়া তীর্থযাত্রীরা ধর্মীয় উৎসব পালন করতে এ সপ্তায় কারবালায় যাচ্ছে। সেখানে বহু লোক সমাগম হবে বলে মনে করা হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন, কারবালার পুলিশ প্রধান মেজর জেনারেল রাদ শাকির।
শহরের নিরাপত্তা রক্ষায় প্রথম মাঠে নামানো হয়েছে ইরাকি ট্যাংক। মোতায়েন রয়েছে ৪০ হাজার সেনা-পুলিশ।
পবিত্র স্থানের ২৫ কিলোমিটারের মধ্যে কোনো পরিবহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান রাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/২১০২ ঘ.
bdnews24