২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পাকিস্তান সরকারকে তালেবানদের আগাম হুঁশিয়ারি

আদিবাসী এলাকায় জঙ্গি নিধন অভিযান এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে শামিল হওয়ার বিরুদ্ধে পাকিস্তানের নতুন সরকারকে রোববার সতর্ক করে দিয়েছে তালেবানরা। 'তেহরিক-ই-তালেবান' নামে বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের একটি মোর্চা এ বিষয়ে একমত হয়েছে বলে উল্লেখ করে তারা জানায়, যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয়ে মুশাররফের ভুলের পুনরাবৃত্তি করলে নতুন সরকারকেও ছেড়ে কথা বলা হবে না। রোববার তাদের মুখপাত্র মৌলভী ওমর একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আদিবাসী এলাকায় জঙ্গি নিধন অভিযান এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে শামিল হওয়ার বিরুদ্ধে পাকিস্তানের নতুন সরকারকে রোববার সতর্ক করে দিয়েছে তালেবানরা। 'তেহরিক-ই-তালেবান' নামে বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের একটি মোর্চা এ বিষয়ে একমত হয়েছে বলে উল্লেখ করে তারা জানায়, যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয়ে মুশাররফের ভুলের পুনরাবৃত্তি করলে নতুন সরকারকেও ছেড়ে কথা বলা হবে না। রোববার তাদের মুখপাত্র মৌলভী ওমর একথা বলেন। মৌলভী ওমর অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "যারাই সরকার গঠন করুক না কেন আমরা একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমরা লড়াই করতে চাই না, আমরা শান্তি চাই। কিন্তু আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে আমরাও ছেড়ে কথা বলব না।" তিনি বলেন, "আমরা চাই না যে, রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের নির্দেশিত পথ ধরে মুশাররফের ভুলের পুনরাবৃত্তি করুক।" তালেবানসহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের মোর্চা 'তেহরিক-ই-তালেবান' পাকিস্তানের নতুন সরকারের বিষয়ে আলোচনার পর এ বিষয়ে একমত হয়েছে বলেও তিনি জানান। আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে কোনো বিদেশী জঙ্গি লুকিয়ে নেই বলে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যাচাই করে দেখার জন্য প্রয়োজনে সরকারি সেনাবাহিনীকে এ বিষয়ে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তালেবানরা। মৌলভী ওমর বলেন, "আমরা কথা বলতে পারি এবং (সরকারকে) সমর্থন দিতে পারি।" ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর থেকে আল-কায়েদা এবং আল-কায়েদা সমর্থক অনেক জঙ্গি পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। মুশাররফ ওই অঞ্চলে প্রায় ৮০,০০০ সেনা মোতায়েন করেন এবং জঙ্গি নিধনে ব্যাপক অভিযান চালান। আফগান সীমান্তের ওপার থেকে মার্কিন বাহিনীও সেখানে বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে এবং তাতে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য সেসব হামলা সম্পর্কে সবসময় প্রকাশ্য স্বীকারোক্তি দেয়নি যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৩ ঘ.