ক্যানবেরা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রোববার বলেছেন, উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। বরং সংগঠনটিকে 'একঘরে' করতে রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য তিনি আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়া সফররত গেটস ইরাকের স্বার্বভৌমত্বর প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং পিকেকের বিরুদ্ধে চলমান অভিযান ও অন্যান্য পদক্ষেপের বিষয়ে বাগদাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্যও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।
গেটস রোববার ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, "আমি মনে করি ইরাকের স্বার্বভৌমত্বের বিষয়টি মাথায় রাখা সবার জন্যই গুরুত্বপূর্ণ।"
গত বৃহস্পতিবার থেকে উত্তর ইরাকে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।
পিকেকে গেরিলারা দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত কয়েক দশক ধরে সংগ্রাম করে আসছে।
আঙ্কারার জানিয়েছে, তুরস্কের অভ্যন্তরে পিকেকে গেরিলাদের হামলা বন্ধে ইরাকি কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ার পর তারাও সীমান্ত পেরিয়ে এ অভিযান শুরু করতে বাধ্য হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২২০ ঘ.
bdnews24