২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ্যতামূলক ডিএনএ ডাটাবেজ করছে না ব্রিটেন

ব্রিটেনে বাধ্যতামূলকভাবে সব বাসিন্দাদের অন্তর্ভূক্ত করে একটি 'ডিএনএ ডাটাবেজ' তৈরী করা হবে কি না তা নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহে মডেল স্যালি অ্যান বোমেনের হত্যাকারীকে ডিএনএ সনাক্তকরণের মাধ্যমে চিহ্নিত করতে পারার পর বিষয়টি নতুন করে সামনে আসে। কিন্তু শনিবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 'বাস্তবতা এবং নৈতিক' কারণে বাধ্যতামূলক ডিএনএ ডাটাবেজ করছে না দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনে বাধ্যতামূলকভাবে সব বাসিন্দাদের অন্তর্ভূক্ত করে একটি 'ডিএনএ ডাটাবেজ' তৈরী করা হবে কি না তা নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহে মডেল স্যালি অ্যান বোমেনের হত্যাকারীকে ডিএনএ সনাক্তকরণের মাধ্যমে চিহ্নিত করতে পারার পর বিষয়টি নতুন করে সামনে আসে। কিন্তু শনিবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 'বাস্তবতা এবং নৈতিক' কারণে বাধ্যতামূলক ডিএনএ ডাটাবেজ করছে না দেশটি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বিশ্বে সবচেয়ে বেশি নাগরিককে ডিএনএ ডাটাবেজে অন্তর্ভূক্তকারী দেশ ব্রিটেন। দেশটির জাতীয় ডিএনএ ডাটাবেজে প্রায় ৪৫ লাখ মানুষের ডিএনএ পরিচয় অন্তর্ভূক্ত করা হয়েছে। এটা ব্রিটেনের মোট জনসংখ্যার প্রায় ৬ ভাগ। মডেল বোমেনের হত্যা তদন্তের নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট বলেছেন, একটি জাতীয় ডিএনএ তালিকা থাকলে ২৪ ঘন্টার মধ্যেই বোমেনের খুনিকে সনাক্ত করা সম্ভব হতো। কিন্তু শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "সর্বজনীন, বাধ্যতামূলক কিংবা নাগরিকদের ইচ্ছাধীন (যে চাইবে শুধু তার) কোনো জাতীয় ডিএনএ ডাটাবেজ তৈরীর সরকারি পরিকল্পনা নেই এবং এমন কিছু করা হলে তা নানা বাস্তব ও নৈতিক ইস্যুকে চাঙ্গা করে তুলতে পারে।" ওদিকে, ব্রিটেনের পুলিশ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী টনি ম্যাকনাল্টি বিবিসি-কে বলেছেন, "সর্বজনীন ডটাবেজ নিয়ে বিতর্কের বিষয়টা আমি বুঝি।" তিনি বলেন, "এ নিয়ে বিতর্কে বিভিন্ন মানুষের ভিন্নমত থাকার বিষয়টাও আমি বুঝি, যারা চায় পুরো ডাটাবেজটাই উঠে যাক তাদেরটাও। কিন্তু আমরা চিন্তা করছি বিষয়টির ভারসাম্য, সুষ্ঠুতা এবং আনুপাতিক হার নিয়ে, এখন যা আছে তাই অনেকটা ঠিক।" তিনি আরও বলেন," ৪৫ লাখ মানুষের ডাটাবেজের নিরাপত্তার বিষয়টি একরকম আর ৬ কোটি মানুষের জন্য তা করা ভিন্ন প্রশ্ন।" বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় ডাটাবেজের দেশ যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ৫০ লাখ মানুষের ডিএনএ ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। অবশ্য যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ব্রিটেনের প্রায় পাঁচগুণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২১০০ ঘ.