গৌহাটি, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমার সীমান্তবর্তী মনিপুরের একটি এলাকায় শনিবার ভারতীয় সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সংঘর্ষে ছয় বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।
নিহতরা মনিপুরের 'ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' (ইউএনএলএফ) এর সদস্য বলে সনাক্ত করেছে ভারতীয় সেনবাহিনী।
প্রায় ২০ লাখ অধিবাসীর বসতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে ইউএনএলএফ।
সেনা মুখপাত্র কর্নেল এলএম পান্ত রয়টার্সকে জানান, মিয়ানমার সীমান্তবর্তী মনিপুরের মোরেহ শহরে ওই সংঘর্ষের পর বেশ কয়েকটি স্বয়ংক্রিয় রাইফেল, রকেট ও গ্রেনেড লঞ্চার এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।
মনিপুর রাজ্যের অর্থনৈতিক উন্নতিতে নয়াদিল্লি তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ জানিয়ে আসছে ইউএনএলএফ। এই অভিযোগে গত প্রায় দুই দশক ধরে রাজ্যটির স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৪০৫ ঘ.
bdnews24