বাগদাদ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত 'গ্রিন জোন' এ শনিবার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
টাইগ্রিস নদীর তীরে ১০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সুরক্ষিত এই গ্রিন জোনে ইরাকে বিদেশি দূতাবাস এবং সরকারি কার্যালয়গুলো অবস্থিত।
কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, কয়েক দফা বিস্ফোরণের পর সাইরেন বাজিয়ে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার সতর্কতা জারি করা হয়।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর ব্রাড লেইটন বলেন, "আমি নিশ্চিত করতে পারি যে আমরা পরোক্ষ হামলার শিকার হয়েছি এবং কয়েক দফায় এই হামলা করা হয়েছে।"
তবে এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন ইরাকে মার্কিন দূতাবাসের মুখপাত্র মিরেম্বি ন্যানতঙ্গো। তিনি বলেন, "নিরাপত্তার স্বার্থে আমরা এ বিষয়ে কিছু জানাচ্ছি না।"
গ্রিন জোনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন সেনাবাহিনী তথাকথিত "বিশেষ সংগঠনগুলোকে" দায়ি করে আসছে। এসব বিশেষ সংগঠন বলতে যুক্তরাষ্ট্র সাধারণত ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদরের মাহদি আর্মির সেনাদের ইঙ্গিত করে থাকে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকের এ বিশেষ সংগঠনগুলো প্রতিবেশী ইরান থেকে অস্ত্র ও অর্থ সাহায্য পেয়ে আসছে। যদিও ইরান যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রত্যাখ্যান করে থাকে।
সদরের মাহদি আর্মি গত শুক্রবার অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে গত আগস্ট মাসে এ অস্ত্রবিরতি চুক্তি করেছিল মাহদি আর্মি।
অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানো সংক্রান্ত সদর বাহিনীর পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য একইসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, তারা 'বিশেষ সংগঠনগুলোর' সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৩২০ ঘ.
bdnews24