বানজা লুকা, বসনিয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিলে গণভোটের মাধ্যমে 'বসনিয়া এন্ড হার্জেগোভিনা' থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সেখানকার সার্ব রিপাবলিকের এমপিরা।
একইসঙ্গে কসোভোর স্বাধীনতা ঘোষণাকে অবৈধ এবং সার্বিয়ার আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে বসনিয়া এন্ড হার্জেগোভিনার অন্তর্গত সার্ব রিপাবলিকের পার্লামেন্ট।
ওই প্রস্তাবে গণভোটের কথা বলা হলেও গণভোট আয়োজন কিংবা দেশ ভাঙ্গার জন্য হুড়োহুড়ির কিছু নেই বলে মন্তব্য করেছেন সার্ব রিপাবলিকের প্রধানমন্ত্রী মিলোরাড দোদিক।
১৯৯২-৯৫ সালের যুদ্ধের সমাপ্তি টেনে ডেটন চুক্তির মধ্য দিয়ে একটি দ্বিজাতিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বসনিয়া এন্ড হার্জেগোভিনা। সার্ব বংশোদ্ভূতদের 'সার্ব রিপাবলিক' এবং মুসলিম ও ক্রোট বংশোদ্ভূতদের নিয়ে 'ফেডারেশন অফ বসনিয়া এন্ড হার্জেগোভিনা' এই দুটো আলাদা প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো নিয়ে গঠিত বসনিয়া এন্ড হার্জেগোভিনা।
পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়, "সার্ব রিপাবলিকের পিপলস অ্যাসেম্বলি মনে করে যে, একটি সরাসরি ভোট বা গণভোটের মাধ্যমে এর রাষ্ট্র ও রাষ্ট্রীয় মর্যাদা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাদের।"
সার্ব রিপাবলিকের প্রধানমন্ত্রী মিলোরাড দোদিক বলেছেন, "আমরা রোমাঞ্চপ্রিয় নই কিংবা এখনই স্বাধীনতার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি না আমরা।"
তিনি বলেন, "গণভোটের বিষয়টি কেবল একবারই হতে পারে। আমরা যদি সিদ্ধান্ত নিই এবং যখন আমরা সিদ্ধান্ত নেব তখনই তা হবে। এটা কোনো খেলা নয়।"
ওই প্রস্তাবে আরও বলা হয় যে, বসনিয়া এন্ড হার্জেগোভিনা যদি ১৯৯৫ সালের ডেটন চুক্তি অনুসারে সার্ব রিপাবলিকের স্বায়ত্ত্বশাসনের বিষয়ে নিশ্চয়তা না দেয় তাহলে এখানে নিজেদের মর্যাদা নিয়ে পুনরায় সিদ্ধান্ত নিবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮৪১ ঘ.
bdnews24