বাগদাদ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর তার দল মাহদি আর্মির অস্ত্রবিরতির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি শিয়া মসজিদে সদরের পক্ষ থেকে পড়ে শোনানো এক বিবৃতিতে ওই ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।
সদরের দলের দুইজন উর্ধ্বতন নেতা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, অস্ত্রবিরতির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে একটি ঘোষণাপত্র ইস্যু করেছেন মুকতাদা আল সদর।
তারা জানান, "সাধারণ বিষয়টি হল (অস্ত্রবিরতির) মেয়াদ বাড়ানো।"
নাম প্রকাশ না করে ওই নেতারা বলেন, শিয়া মসজিদগুলোর ইমামদের কাছে একটি সীল করা খামে ওই ঘোষণাপত্র পাঠানো হয়। শুক্রবার নামাজের আগে তা খোলার নির্দেশ ছিল না।
ওদিকে, অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, মাহদি আর্মির অস্ত্রবিরতি মার্কিন ও ইরাকি সেনাদের ওপর হামলা বন্ধ এবং গোষ্ঠীগত সহিংসতা বন্ধের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে।
২০০৬ ও ২০০৭ সালে ইরাকে সুন্নি আরব সংখ্যালঘুদের সঙ্গে গোষ্ঠীদাঙ্গার জন্য সদরের মাহদি আর্মিকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া, একসময় ইরাকের নিরাপত্তার জন্য মাহদি আর্মিকে এককভাবে সবচেয়ে বড় হুমকি বলে অভিহত করেছিল যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24