মিল ওয়াকি, ফেব্র"য়ারি ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )----যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের দৌড়ে একের পর এক ১০ টি অঙ্গরাজ্যে বারাক ওবামার জয়ের রাশ টেনে ধরতে তাকে সরাসরি আক্রমণ করে কথা বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন। ওবামা কম অভিজ্ঞতা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন তিনি।
মেক্সিকো সীমান্তবর্তী দক্ষিণ টেক্সাসে হিস্পানিকদের সমাবেশে ওবামার সমালোচনা করে হিলারি বলেন, "আমাদের বড় বড় স্বপ্ন দেখা প্রয়োজন। কিন্তু আপনারা জানেন, কেবল স্বপ্ন দেখলেই হয় না। আমরা যে সমস্ত সমস্যার মুখে আছি সেগুলোর সমাধানও আমাদেরকে খুঁজে পেতে হবে।"
ওবামার জয় ঠেলে বেরিয়ে আসার জন্য আগামী মাসে টেক্সাস এবং ওহিও অঙ্গরাজ্যের লড়াইটাই হিলারির জন্য শেষ সুযোগ। আর তাই তার আগেই ওবামাকে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে ঘায়েল করার জোর চেষ্টা চালাচ্ছেন তিনি।
কিন্তু হিলারি যাই বলুন জনসমর্থন ক্রমেই বাড়ছে ইলিনয়ের সিনেটর বারাক ওবামার। তার শক্তিশালী বক্তব্য আর 'আমরা পারি'--- এই বার্তা জনমনে সাড়া জাগিয়েছে। এই গুণই তাকে সামনে এগিয়ে নিয়েছে। ওবামার সঙ্গে হিলারির এরই মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে আর মাত্র একটি সুযোগে তা কেমন করে কমানো যাবে প্রশ্ন দেখা দিয়েছে তা নিয়ে।
মঙ্গলবার উইসকন্সিন এবং হাওয়াই অঙ্গরাজ্যে বিশাল জয় পেয়েছেন ওবামা। সেই থেকেই চাপ যাচ্ছে হিলারির ওপর দিয়ে। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে আগামী মাসে ওহিও এবং টেক্সাস অঙ্গরাজ্যে জয় পেতে হবে তাকে। ওবামা এবং হিলারি দুই ডেমোক্র্যাট প্রার্থীই এখন ৪ মার্চে টেক্সাস এবং ওহিও এর নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।
উইসকন্সিনে জয় লাভ করার পর হাউস্টোনে এক শোভাযাত্রায় ওবামা বলেন, "আমরা যে পরিবর্তনের খোঁজ করছি তা এখনও কয়েক মাইল এবং কয়েক মাস দূরে এবং সেই পরিবর্তনের দোরগোড়ায় আমাদের পৌঁছে দেওয়ার জন্য টেক্সাসের টেক্সাসের লোকজনদের সাহায্য দরকার।"
ওদিকে, মঙ্গলবারেই উইসকন্সিনে রিপাবলিকান দল থেকে আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে পরাজিত করে বড় ধরনের জয় পান অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন।
জয়লাভের পর জন ম্যাককেইন এই অঙ্গরাজ্যের লোকজনকে ধন্যবাদ জানান। এরপরপরই প্রতিপক্ষ বারাক ওবামাকে সরাসরি আক্রমণ করে ম্যাককেইন বলেন, "আমরা কি অনভিজ্ঞ একজন প্রার্থীর বিভ্রান্ত দেশনেতৃত্বের ঝুঁকি নেব?
ওবামাও পাল্টা আক্রমণে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতি এবং ইরাকে মার্কিন সেনা উপস্থিতিতে ম্যাককেইনের সমর্থনের কথা তুলে ধরে জনগণকে সতর্ক করে দেন। ওবামা বলেন, " ম্যাককেইন অতীত নীতিই অনুসরণ করে যেতে চান। আর আমরা আগামী দিনগুলোতে কিছু করে দেখাতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৪ঘ.
bdnews24