জেনেভা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বুধবার একটি সুইস আদালতে বেনজিরের স্বামী ও পিপিপি নেতা আসিফ আলি জারদারির বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা আবারও চালু করার আবেদন জানিয়েছেন। সাধারণ নির্বাচনে পিপিপির বিজয়ের পর মুশাররফ বিরোধীদের নিয়ে জোট সরকার গঠনে জারদারির ঘোষণার পরপরই তার বিরুদ্ধে এ মামলা পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হল।
জেনেভায় জারদারির আইনজীবী এ মামলা চালুর চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
ওদিকে, বুধবারই মুশাররফের গত সরকারের শরীক দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) কে জোটে নেওয়া হেত পারে বলে আভাস দিয়েছেন জারদারি। যদিও এর আগে তিনি বলেছিলেন যে মুশাররফ সরকারে ছিল এমন কাউকে জোটে ডাকবেন না তিনি।
পাকিস্তানে সুইস কার্গো কোম্পানিকে কাজ দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার স্বামী আসিফ আলি জারদারি কমিশন নিতেন এবং সেই টাকা সুইস ব্যাংকে জমা হতো। এই দম্পতি এভাবে প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার সুইস ব্যাংকে জমা করেছেন বলে অভিযোগ করে ওই মামলা দায়ের করেছিল সরকার।
জেনেভার বিচার বিভাগীয় কর্তপক্ষ প্রায় দশ বছর ধরে এ মামলার তদন্তের দায়িত্বে রয়েছে।
ওদিকে, গত বছর বেনজির দম্পতির বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়েছিলেন মুশাররফ। কিন্তু মুশাররফের ওই পদক্ষেপ এখনও পাকিস্তান সুপ্রিম কোর্টের অনুমোদন পায়নি।
এ বিষয়ে কয়েকদিন আগের এক শুনানিতে পাকিস্তান সরকারের সুইস আইনজীবী জানান, মুশাররফ জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিলেও তার বিরুদ্ধে অর্থপাচারের মামলা জেনেভায় অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২১৫২ ঘ.
bdnews24