সিঙ্গাপুর, ফেব্র"য়ারি, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের সামরিক শাসকরা ২০১০ সালে নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তাব দিয়েছেন তাতে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে দাঁড়াতে দেওয়া হবে না। সু চি একজন বিদেশিকে বিয়ে করাই এর কারণ। 'দ্য স্ট্রেইটস টাইমস' পত্রিকা বুধবার একথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো জানিয়েছেন, "মঙ্গলবার আঞ্চলিক এক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নে উইন তাকে বলেছেন, সু চি ব্রিটিশ নাগরিক মাইকেল এরিসকে বিয়ে করার কারণে নতুন সংবিধানে তার নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মাইকেল ১৯৯৯ সালে মারা গেলেও তার সন্তানদের বিদেশি পাসপোর্ট রয়েছে। একারণেই সু চিকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না।"
ইয়ো জানান, "দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের প্রতিনিধি নে উইনকে জানিয়ে দিয়েছেন যে, "তাদের এ পদক্ষেপ সময়োপযোগী নয়।"
স্ট্রেইট টাইমস পত্রিকা আরও জানায় ইয়ো বলেছেন, "নে উইন পরিস্কার করেই বলেছেন যে, ১৯৭৪ সালের সংবিধানে যেমন ছিল ঠিক একইভাবে নতুন সংবিধানেও মিয়ানমারের নাগরিক সু চির স্বামী বিদেশি হওয়ায় এবং সন্তানরা মিয়ানমারের নাগরিক না হওয়ায় তাকে নির্বাচনের অযোগ্য বিবেচনা করা হয়েছে।"
উল্লেখ্য, এ মাসের শুরুতেই মিয়ানমার জান্তা সরকার মে মাসে নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়। এর পথ ধরে তারা ২০১০ সালে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করে।
এর আগে ১৯৯০ সালে মিয়ানমারের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি বিপুল ভোটে জয়লাভ করলে তাদের হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় মিয়ানমার জান্তা। সেই থেকে নোবেল জয়ী সুচি গত ১৮ বছরের মধ্যে ১২ বছরেরও বেশি সময় ধরে বন্দি জীবন কাটাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪০ঘ.
bdnews24