২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকৃতির অপেক্ষায় কসোভো, চ্যালেঞ্জ সার্বিয়ার

স্বাধীনতা ঘোষণার পর এখন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি লাভের প্রহর গুনছে কসোভো। সোমবার ইইউ'র বিশেষ বৈঠকের পরপরই কয়েকটি দেশ কসোভোকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

প্রিস্টিনা, সার্বিয়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বাধীনতা ঘোষণার পর এখন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি লাভের প্রহর গুনছে কসোভো। সোমবার ইইউ'র বিশেষ বৈঠকের পরপরই কয়েকটি দেশ কসোভোকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, একপাক্ষিক ঘোষণা মেনে নেওয়া হবে না এবং কসোভোর সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে রাষ্ট্র হিসেবে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলে চ্যালেঞ্জ ছুঁেড় দিয়েছে সার্বিয়া। ওদিকে, কসোভোর ওই পদক্ষেপ অবৈধ অভিহিত করে কসোভোর সার্বদের ওপর কোনো বলপ্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। পার্লামেন্টে রোববার স্বাধীনতা ঘোষণার আগে থেকেই রাজধানী প্রিস্টিনায় আলবেনীয়রা আনন্দ উৎসবে মেতে থাকলেও রোববার রাতেই কসোভোর সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ওই রাতেই জুবিন পটক শহরে জাতিসংঘের একটি গাড়ি ভাঙচুর করে সার্বরা। সোমবার সার্ব শহরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছে স্থানীয় সার্ব নেতারা। প্রায় ২০,০০,০০০ আলবেনীয় কসোভোর মোট জনগোষ্ঠীর প্রায় ৯০ ভাগ হলেও কসোভোর উত্তরাঞ্চলে সার্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ১,২০,০০০ সার্ব স্থানীয়ভাবে সংখ্যাগরিষ্ঠ। ১৯৯৯ সালে সার্ব বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর থেকে জাতিসংঘ ও ন্যাটো বাহিনী কসোভোর নিয়ন্ত্রণে থাকলেও এখনও পর্যন্ত সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের সঙ্গে আলবেনীয়দের সংঘাত দূর করতে পারেনি তারা। স্বাধীনতার ঘোষণাপত্রে প্রধানমন্ত্রী হাশিম থাচি বলেছেন, কসোভো হবে "এর সব অধিবাসীর দেশ"। এখানে সব অধিবাসী বলতে তিনি স্পষ্টতই সার্বদের প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু কসোভোর একপাক্ষিক ঘোষণার পরদিনই এ পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সার্বিয়ার কসোভো বিষয়ক মন্ত্রী স্লোবোদান সামার্দজিক বলেছেন, "কসোভোয় যেসব অঞ্চলে সার্বরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে বসবাস করছে সেসব স্থানে আগামী দিনগুলোতে একটি রাষ্ট্র কাজ করবে সার্বিয়া।" তিনি বলেন, "কারণ, সার্বরা কেবল একটি রাষ্ট্রেই বিশ্বাস করে আর তা হচ্ছে সার্বিয়া।" কসোভো প্রশ্নে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সাহায্য নিয়েও রাষ্ট্র হিসেবে কসোভোর আত্মপ্রকাশ ঠেকাতে না পারলে সার্বিয়া যেদিকে যেতে পারে বলে অনেক পশ্চিমা বিশ্লষক মনে করছেন তা হল এই সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। অধিকাংশ ইইউ দেশসহ যুক্তরাষ্ট্র কসোভোকে স্বীকৃতি দিলে সার্বিয়া সে পথেই অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৫ ঘ.