ম্যানিলা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর মন্ত্রীপরিষদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক প্রধানসহ ৫০ জনের বেশি সাবেক কর্মকর্তা রোববার এক বিবৃতিতে বলেন, "দুর্নীতির সঙ্গে জড়িত কারোরই আর ক্ষমতায় থাকা উচিত নয়। এখনই সময়, আমরা তাদের আহ্বান জানাচ্ছি সরে দাঁড়ানোর।"
চীনের জেডটিই কর্পোরেশনের সঙ্গে রাষ্ট্রীয় টেলিকমে ১৩ কোটি ডলারের একটি চুক্তিতে দুর্নীতির তদন্ত করছে সিনেটের একটি কমিটি। এই দুর্নীতির অভিযোগেই অ্যারোয়োর মন্ত্রিপরিষদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক কর্মকর্তারা।
আগামী সপ্তাহে এবং ২৫ ফেব্র"য়ারি স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের পতনের বার্ষিকীর দিনে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করছে বিরোধীরা।
রোববার ম্যানিলায় একত্রিত হওয়া প্রায় আড়াই হাজার লোকের এক সমাবেশে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক নেতা কোরাজন অ্যকুইনো।
তিনি বলেন, "ফিলিপাইনের সকল নাগরিককে আমি আবারও একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা যদি এক হতে পারি তাহলে দেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।" গণসঙ্গীতের মাধ্যমে তিনি সমাবেশ শেষের ঘোষণা দেন।
গণবিপ্লবের পর স্বৈরশাসক মার্কোসের পতনের পর ১৯৮৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন কোরাজন অ্যকুইনো।
তবে সরকার বিরোধী কোনো পদক্ষেপের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে প্রেসিডেন্ট প্রাসাদ। প্রেসিডেন্ট প্রাসাদের এক মুখপাত্র লরেলি ফাজারদো বলেন, "নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা থেকে পিছিয়ে পড়ব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪২৫ ঘ.
bdnews24